শনিবার, ০৪ Jul ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

উচ্চশিক্ষায় বিশ্বব্যাংকের ১৬ শ কোটি টাকার ঋণ

করোনা ভাইরাস মহামারিকালে দেশের উচ্চশিক্ষা খাতে সহায়তায় ওয়াশিংটনে বিশ্বব্যাংকের পর্ষদ শুক্রবার ১৯ কোটি ১০ লাখ ডলার ঋণ অনুমোদন করেছে। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ৮৫ টাকা) প্রায় ১ হাজার ৬২৪ কোটি টাকা। একই সভায় আফগানিস্তানের অনুকূলে ১ কোটি ৮০ লাখ ডলার অনুদান অনুমোদন করা হয়েছে।

বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হাইয়ার এডুকেশন অ্যাকসেলারেশন ট্রানফরমেশন প্রজেক্ট’ নামে বিশ্বব্যাংকের অর্থায়নে শিক্ষাখাতে দক্ষিণ এশিয়ায় প্রথম আঞ্চলিক প্রকল্পের আওতায় এ অর্থায়ন অনুমোদিত হয়েছে। প্রকল্পটি উচ্চশিক্ষায় আঞ্চলিক সহযোগিতা বাড়াবে, যার মধ্যে রয়েছে এ অঞ্চলের মধ্যে সমজাতীয় কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের গতিশীলতা, ক্রেডিট ট্রান্সফার স্কিম বা এক দেশ থেকে অন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে অংশীদারিত্বের ব্যবস্থা। এর মাধ্যমে আরও বেশি নারীকে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে, যা শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বাড়াতে সহায়তা করবে।

বিশ্বব্যাংক বলেছে, কোভিড-১৯ অতিমারি দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা খাতকে ক্ষতির মুখে ফেলেছে, যার প্রভাবে অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে এবং কিছু শিক্ষার্থী ভর্তি হতে পারেনি। কোভিডের কারণে নারী শিক্ষার্থীদের ওপর বৈরী প্রভাব পড়েছে এবং এর ফলে উচ্চশিক্ষা খাতে জেন্ডার বৈষম্য বাড়ছে। প্রকল্পটি ডিজিটাইজেশনের ওপর জোর দিয়ে উচ্চশিক্ষা খাতে অতিমারির কারণে জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং টিকে থাকার পদ্ধতিগত সামর্থ্য বাড়াতে সহায়তা করবে।

বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘ আমাদের সবার ভবিষ্যতের জন্য উচ্চশিক্ষা অপরিহার্য। বাংলাদেশের উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার আকাঙ্খা পূরণে একটি দক্ষ ও আর্ন্তজাতিকভাবে প্রতিযোগী সক্ষম শ্রমশক্তি তৈরিতে যুব জনগোষ্ঠীর মাঝে বিনিয়োগ করতে হবে।’ তিনি বলেন, ‘এই অর্থায়ন উচ্চশিক্ষায় বিশেষত নারীদের ক্ষেত্রে শিক্ষার মান বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে কোভিড-১৯ অতিমারির সময় শিক্ষা কার্যক্রম চলমান রাখা নিশ্চিত করবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com