শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ছয় দিন বন্ধ থাকবে। এ ছুটির ঘোষণা দিয়েছে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি। আগামী সোমবার (১৯ জুলাই) থেকে শনিবার (২৪ জুলাই) পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে এনওসি নিয়ে আসা পাসপোর্টধারী যাত্রীরা সীমিত পরিসরে পারাপার হতে পারবে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার বলেন, ঈদুল আজহা উপলক্ষে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন আলোচনাক্রমে সরকারি তিন দিন ছুটিসহ ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে এ সময় স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের কাস্টমস কার্যালয় খোলা থাকবে। সরকারি ছুটির সময়েও কাস্টমসের যাত্রী পারাপার কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন যৌথ আলোচনাসভায় ঈদ-উল-আজহা উপলক্ষে ছয় দিন বন্ধের ঘোষণা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার, বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষ, বিজিবি, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় আমদানি-রপ্তানিকারকদের চিঠি দিয়েছে।
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্দা স্থলবন্দর উভয় দেশের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন আলোচনাক্রমে ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী রবিবার (২৫ জুলাই) হতে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ বিষয়ক কার্যক্রম যথা নিয়মে পূর্বের ন্যায় শুরু হবে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আমাদের ইমিগ্রেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।