শনিবার, ০৪ Jul ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রংপুরে পাইকারী সবজি বাজারে বরবটি ২ টাকা, কাকরোল ৩ টাকা আর চিচিঙ্গা বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকা কেজি দরে। এমন দরপতনে দিশেহারা কৃষক।
দাম নেই, বরবটি তুলতে গেলে উঠবেনা শ্রমিকের খরচও। তাই অনেকটা ক্ষোভে, দুঃখে নিজের ক্ষেতের উৎপাদিত বরবটি মাটিতে ফেলে দিচ্ছেন কৃষক। জেলার মিঠাপুকুর উপজেলার কৃষক জমির উদ্দিন। এক একর জমিতে বরবটিসহ বিভিন্ন সবজি আবাদ করেছেন। ঈদের আগেও বরবটি, চিচিঙ্গা ও কাকরোল বিক্রি করেছিলেন ১৫ থেকে ২০ টাকা কেজিতে। এখন তা বিক্রি করতে হচ্ছে মাত্র ২ থেকে ৫ টাকায়।
কৃষক জানান, ঈদের পর থেকেই ঢাকার ব্যাপারীরা আসছেননা। স্থানীয় বাজারেও তেমন একটা চাহিদা নেই। বলছেন লাভ তো দূরে থাক, উঠবেনা উৎপাদন খরচও।
কৃষি বিপণন অধিদপ্তর বলছে, ঢাকার আড়ৎগুলোতে চাহিদা কমে যাওয়ায় সবজির এই দরপতন। আর কৃষি বিভাগ বলছে বিধিনিষেধে যোগাযোগ ব্যবস্থা তুলনামূলকভাবে স্বাভাবিক না থাকায় কমেছে দাম।
সবজি উৎপাদনে দেশের তৃতীয় বিভাগ রংপুর। তবে দীর্ঘ সময়েও স্থানীয়ভাবে কৃষিভিত্তিক শিল্প এবং সংরক্ষণের ব্যবস্থা না থাকায় প্রায় সময়ই লোকসানে পড়তে হচ্ছে কৃষকদের।