শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি এবং মেট্রোরেল কর্তৃপক্ষ করেছে ২টি মামলা।
পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ১৫৫ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এবং মেট্রোরেল কর্তৃপক্ষের মামলায় অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আজ বুধবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সী এ তথ্য নিশ্চিত করেন। গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে এসব মামলা দায়ের করা হয় বলে জানান তিনি।
মামলায় পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা করে আহত করা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হককেও আসামি করা হয়েছে পুলিশের দায়ের করা মামলায়।
গতকালের এই সংঘর্ষের ঘটনায় আজ বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।