শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

পুলিশ হেফাজত থেকে পলাতক আসামি গ্রেফতার, ৩ পুলিশ বরখাস্ত

নোয়াখালী সোনাইমুড়ী থানার পুলিশ হেফাজত থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন (ধর্ষণ) মামলার পলাতক দুই আসামির মধ্যে দেলোয়ার হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার কামরাঙ্গীর চর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। সে বর্তমানে ওই থানার হেফাজতে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় অপর পলাতক আসামি মো. জুয়েলকে (২৪) গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পালিয়ে যাওয়ার ঘটনায় আসামিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার জানান, দায়িত্ব অবহেলায় এ সময় কর্তব্যরত সোনাইমুড়ী থানার এসআই ফারুক হোসেন, পুলিশ সদস্য আবদুল কুদ্দুস ও নারী পুলিশ সদস্য আসমা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই দায়িত্বে থাকা সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক জিসান আহম্মদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দপ্তরে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com