শনিবার, ০৪ Jul ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সংক্রমণের হার ৭-৮ শতাংশ থাকলেও খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলে আসছে সেপ্টেম্বর মাসের শেষ দিকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। এরই মধ্যে স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সূত্রটি বলছে, সংক্রমণের হার ৭-৮ শতাংশ থাকলেও খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী রবিবারের মধ্যেই বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জানা গেছে, এরই মধ্যে মাঠ পর্যায়ে স্কুল-কলেজ কর্তৃপক্ষকে যেকোনো সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্ণ প্রস্তুতি নিতে বলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও স্বাস্থ্যবিধি মেনে কিভাবে ক্লাস চলবে, সে ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে।

শুরুতে এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা সপ্তাহের ছয় দিন ক্লাস করবে। অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে এক থেকে দুই দিন হতে পারে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলো তাদের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের বৈঠকে খোলার সিদ্ধান্ত নেবে। তবে এ ব্যাপারে রূপরেখা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সূত্র জানায়, আজ বৃহস্পতিবার দুপুর ১টায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সার্বিক প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এতে যুক্ত থাকবেন ইউজিসি চেয়ারম্যান ও সদস্যরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা। সেখানে কোন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ওই সূত্র বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে করোনা সংক্রমণের হার চার সপ্তাহ ধরে ৫ শতাংশ বা এর কম থাকলে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এমনটা বলা যাবে। এরই পরিপ্রেক্ষিতে এত দিন শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, করোনা সংক্রমণের হার ৫ শতাংশ নিচে এলে স্কুল-কলেজ খোলা হবে, কিন্তু বাংলাদেশে দীর্ঘ দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সম্প্রতি প্রধানমন্ত্রীও দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তাগিদ দিয়েছেন। এই পরিস্থিতিতে সেপ্টেম্বরের শেষ নাগাদ করোনা সংক্রমণ ৭ বা ৮ শতাংশ থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। করোনা পরিস্থিতির উন্নতির ধারা অব্যাহত থাকলে অক্টোবরের শুরুতেই হল খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ কালের কণ্ঠকে আজকের বৈঠকের ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ঠিক আছে। আর কত দিন শিক্ষার্থীরা বসে থাকবে? আমাদের পক্ষ থেকে প্রস্তাব থাকবে, যদি করোনা সংক্রমণ ১০ শতাংশের নিচে থাকে তাহলেও যেন সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়।’

কাজী শহীদুল্লাহ আরো বলেন, ‘এখন ১৮ বছর বয়সীরাও টিকা পাচ্ছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ের বেশির ভাগ শিক্ষার্থীই টিকার প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজও অনেকের সম্পন্ন হয়েছে। শিক্ষক-কর্মচারীদের প্রায় সবাই দুই ডোজ টিকাই নিয়েছেন। এ ছাড়া আমাদের যাঁরা শিক্ষার্থী তাঁদের বয়সও ২৫ বছরের নিচে, যাঁদের সংক্রমণের হার খুবই কম। আর কিছুটা ঝুঁকি তো আমাদের নিতেই হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com