শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পাশাপাশি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কে আগমনের প্রাক্কালে বিএনপি বিক্ষোভ ও প্রতিবাদ করছে। পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের মনে করেন, দলটির এ ষড়যন্ত্র দুরভিসন্ধিমূলক।
করোনা মহামারি পরিস্থিতিতে গত ১৯ মাস বিদেশ সফর করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জাতীয় স্বার্থ বিবেচনায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত শুক্রবার দেশ ছাড়েন তিনি।

ওবায়দুল কাদের বলেন, অধিবেশনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আলোচনার সুযোগ রয়েছে। যে কারণে তাতে প্রধানমন্ত্রী সরাসরি যোগ দিচ্ছেন। যা ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্ভব হতো না।
তিনি জানান,অধিবেশনে বঙ্গবন্ধু কন্যা বাংলায় ভাষণ দেবেন।সেই সঙ্গে চলমান বিশ্ব পরিস্থিতিতে করোনা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের জনগণের হয়ে কথা বলবেন।

তবে বিস্ময় প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ করছি, এ গুরুত্বপূর্ণ সফর ঘিরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছার আগেই বিক্ষোভ শুরু করছে বিএনপি। দলটির সুযোগসন্ধানী ও মতলববাজ কর্মী-সমর্থকরা জেগে উঠছে। তবে তা কখনই কাজে আসবে না।

ওবায়দুল কাদের বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এখন ঘরোয়া বৈঠক করছে বিএনপি। বিদেশেও নানা পাঁয়তারা করছে। কিন্তু জনগণ তা মেনে নেবে না। তাদের মেয়াদে অপশাসনের কথা সবাই মনে রেখেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার পথে তাতে কেউ সায় দেবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com