শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে রবিবার বিকেলে নিউইয়র্কে পৌছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা ও ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে জড়ো হন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

২০শে সেপ্টেম্বর জলবায়ু পরিবর্তন নিয়ে রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেবেন তিনি। জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষ্যে ইউএন গার্ডেনে একটি বেঞ্চ উৎসর্গ করবেন বঙ্গবন্ধুর কন্যা। ২১শে সেপ্টেম্বর জাতিসংঘের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন তিনি। এছাড়া বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ২৪শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। এটি হবে, জাতিসংঘে বাংলায় দেয়া প্রধানমন্ত্রীর ১৮ তম ভাষণ। পহেলা অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে, প্রধানমন্ত্রী নিউইয়র্ক আসায় বিমানবন্দরের বাইরে প্রতিবাদ জানায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com