শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

ইভ্যালির মতো কমিটমেন্টে পূরণে ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কমিটমেন্ট পূরণ না করলে আইন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী ই-কমার্স সাইটগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ইভ্যালিসহ আরও কয়েকটি ই-কমার্স মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। কীভাবে তারা তাদের কমিটমেন্ট পূরণ করবে সেটা আমার এখন জানা নেই।

তিনি বলেন, ‘ইভ্যালি একটা, আরও কয়েকটা (ই-কমার্স প্রতিষ্ঠান) মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। কীভাবে তারা তাদের কমিটমেন্ট পূরণ করবে, এটা আমার এখন জানা নেই। আমরা মনে করি, তারা যে কমিটমেন্ট জনগণকে দিয়েছে, তা যদি পূরণ না করে তবে আইন অনুযায়ী আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে এবং করতেই হবে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে আবেদন করছি, যারা এই ব্যাপারে লগ্নি (বিনিয়োগ) করেন, ইনভেস্ট করেন তারা আগে থেকে বুঝেশুনে করবেন।’

ই-অরেঞ্জের প্রতারণায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে জবাবে মন্ত্রী বলেন, ‘সেগুলো সিস্টেম অনুযায়ী চলে আসবেই। আমি যেটা বলতে চাইছি, যারা লোভনীয় মুনাফার কথা বলছেন, যে গাড়ির দাম ১০০ টাকা বলছে ৫০ টাকায় দেবে, এগুলো বাস্তবসম্মত কি না, সেগুলো দেখেশুনে আমরা ইনভেস্ট করার জন্য অনুরোধ করছি, যেন কেউ প্রতারিত না হয়।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com