শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
স্বামীর সঙ্গে ঝগড়া করে রাগে অভিমানে কোলের সন্তানসহ ট্রেনের নিচে ঝাপ দেন লায়লা খাতুন (২৬) নামের এক গৃহবধূ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই গৃহবধূ ও তার সন্তানকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে কি নিয়ে স্বামীর সঙ্গে তার ঝগড়া হচ্ছিল তা তাৎক্ষণিক জানা যায়নি। শনিবার (৯ অক্টোবর) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই গৃহবধূ অনেকক্ষণ ধরেই রেললাইনের পাশে বসে তার স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়া করছিলেন। এদিকে দুপুর সাড়ে ১২টায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। ঝগড়া এক পর্যায়ে ওই গৃহবধূ তার আড়াই মাস বয়সী মেয়েকে নিয়ে ওই চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়। ট্রেনের গতি কম থাকায় চালকরা দ্রুত ট্রেনটি থামান। ট্রেনের সামনের অংশের ধাক্কায় গুরুতর আহত হন ওই গৃহবধূ। রেললাইনের পাশে ছিটকে পড়ে আহত হয় তার কোলের শিশুটিও। পরে স্থানীয়রা মা-মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের পরিচালক আল আমিন খানের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি জানান, পঞ্চগড় স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার তিন মিনিটের মধ্যেই এমন ঘটনাটি ঘটে। পরে চালক দ্রুতই ট্রেনটিকে থামিয়ে ফেলেন। এময় ট্রেনের গতি কম থাকায় থামানো সম্ভব হয়েছে। তারপরও ওই নারী ট্রেনের ইঞ্জিনের সামনের অংশে এসে ধাক্কা খায়। আমরা স্থানীয় লোকজনকে ডাকলে তাঁরা এসে ওই নারীকে হাসপাতালে নিয়ে যায়। পরে আমরা ট্রেনটি নিয়ে যাত্রা শুরু করি।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক ফরহাদ হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া ওই গৃহবধূর সঙ্গে থাকা মোবাইলের মাধ্যমে তাঁর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তাঁর স্বামীসহ স্বজনরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আসে। পরে গৃহবধূর স্বামীসহ স্বজনরা ওই গৃহবধূকে নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্দেশে যায়। ওই গৃহবধূ স্বামীর সঙ্গেই ঝগড়া করে অভিমানে এমন ঘটনা ঘটিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।