শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

ইভ্যালি পরিচালনার নিয়ম পর্যালোচনায় ৫ সদস্যের বোর্ড

ইভ্যালির প্রস্তাবিত অবসায়ন এবং পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

বোর্ডের অপর সদস্যেরা হলেন—সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, মাহমুদুল কবির, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহমেদ ও আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাছুম ও সৈয়দ মাহসিব হোসেন।

বাণিজ্য মন্ত্রণালয়, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রতিযোগিতা কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তাপস কান্তি বল।

এর আগে গত ১২ অক্টোবর ইভ্যালির বিষয়ে ওঠা প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে চার সদস্যের বোর্ড গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একজন সাবেক বিচারপতি, সচিব, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সমন্বয়ে এ বোর্ড গঠন করা হবে বলে নির্দেশ দেন হাইকোর্ট।

গত ১১ অক্টোবর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব নথি হাইকোর্টে জমা দেওয়া হয়।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর এক আদেশে ১২ অক্টোবরের মধ্যে ইভ্যালির নথিপত্র আদালতে দাখিল করতে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসকে নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী নথি দাখিল করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com