শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
অ্যাপসে রাইড শেয়ারিং না করে চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন করলে সংশ্লিষ্ট চালক ও যাত্রীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে রাইড শেয়ারিং সেবার নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়ার বেশি নিলে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিআরটিএ।
আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিআরটিএ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এমতাবস্থায়, রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা, ২০১৭ এর বিধান লঙ্ঘন করে চুক্তিভিত্তিক মোটরযান পরিচালনাসহ অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান, মোটরযান মালিক, চালক এবং সেবাগ্রহণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সংস্থাটি বলছে, চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত যেকোনো অভিযোগ বিআরটিএ সদরদপ্তরের রাইড শেয়ারিং শাখার সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বরাবর জানাতে পারবেন।
এ ছাড়া ০১৭১৪-৫৫৬৭৭০ ও ০২-৫৫০৪০৭৪৫ নম্বরে কল করেও অভিযোগ জানাতে পারবেন। কেউ চাইলে লিখিত অভিযোগ ইমেইলও করতে পারেন, সেক্ষেত্রে ade_ride@bita.gov.bd ঠিকানায় ইমেইল করতে হবে।