শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

নজরদারির অভাবে দূরপাল্লার রুটে বেশি ভাড়া আদায়, দাবি ক্যাবের

ঢাকার সাথে দূরপাল্লার বিভিন্ন রুটের বাসে মানা হচ্ছে না সরকার নির্ধারিত ভাড়া। সরকার ২৭ শতাংশ ভাড়া বৃদ্ধি করলেও বিভিন্ন রুটে ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে বাস মালিকরা। এতে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। সরকারের মনিটরিংয়ের অভাবেই অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব।

ময়মনসিংহ থেকে ঢাকার দূরত্ব ১২০ কিলোমিটার। সরকার নির্ধারিত প্রতি কিলোমিটার ১ টাকা ৮০ পয়সায় ভাড়া দাড়ায় ২১৬ টাকা। কিন্তু যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ২৭০ টাকা করে। এতে ক্ষুব্ধ যাত্রীরা।

সিলেট থেকে ঢাকা ২৪৫ কিলোমিটার দূরত্বে সরকার নির্ধারিত ভাড়া ৪৪১ টাকা হলেও নন-এসি বাসে আদায় হচ্ছে ৫৫০ টাকা। আর এসি বাসে ১২শ’ থেকে ১৪শ’ টাকা পর্যন্ত আদায় করছে বাসগুলো।

চট্টগ্রামেও দুরপাল্লার বাসে সরকার নির্ধারিত ২৭ শতাংশ ভাড়া বৃদ্ধির বিপরীতে ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে বাস মালিকরা। ঢাকার সাথে ২৪২ কিলোমিটারে নির্ধারিত ভাড়া ৪৩৬ টাকা হলেও নন-এসি বাসে আদায় হচ্ছে ৬০০ টাকা। ৭০০-১৫০০ পর্যন্ত যাত্রীদের খরচ করতে হচ্ছে এসি বাসে।

রাজশাহী-ঢাকার দূরত্ব ২৪৭ কিলোমিটার। এ রুটে সরকার নির্ধারিত দরে ৪৪৫ টাকা ভাড়া আদায়ের কথা থাকলেও এসি ও নন এসিতে নেয়া হচ্ছে ৬০০ থেকে ১২শ’ টাকা পর্যন্ত। সরকারের কার্যকর মনিটরিং না থাকার সুযোগে বাস মালিকরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছে বলে মনে করছে যাত্রী কল্যাণ সমিতি।

খুলনা-ঢাকা রুটের বাস মালিকরাও সরকার নির্ধারিত ভাড়ার সিদ্ধান্তকে তোয়াক্কা না করেই বাড়িয়েছে অতিরিক্ত ভাড়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com