বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনের শাসন যেখানে আছে, সেখানে তিনি যথেচ্ছ করতে পারেন না। বিএনপি যে দাবি করছে, তা আইনের বইয়ে নেই। আইনমন্ত্রী বলেন, ‘ওনারা (বিএনপি) আমাকে যত খুশি গালি দিতে পারেন। তাতে আমার কিছু আসে–যায় না। আমি আইন মোতাবেক চলব।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সাংসদ জি এম সিরাজের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জি এম সিরাজ তাঁর দলের নেত্রী খালেদা জিয়াকে মানবিক দিক বিবেচনায় দু-এক দিনের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। এটি না হলে সংসদ থেকে পদত্যাগ করারও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপির এই সাংসদ বলেন, খালেদা জিয়াকে বিদেশ পাঠানো না হলে এবং অবস্থা চরম হলে দলীয় সিদ্ধান্তে বিএনপির পক্ষে এই সংসদে থাকা হয়তো সম্ভব হবে না। খালেদা জিয়ার কিছু হলে এর দায় আওয়ামী লীগকে বহন করতে হবে।