বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমার বোন শেখ হাসিনাকে অনুরোধ করব, বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দিন। মানবতা দেখিয়েছেন, আরেকটু দেখান। গতকাল শুক্রবার রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে গণফোরামের একাংশের ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি ঐক্যফ্রন্টে গিয়েছিলাম ড. কামাল হোসেনকে দেখে। তার ওপর ভরসা করে। বিএনপিকে দেখে নয়। যতদিন বিএনপিতে জামায়াত থাকবে ততদিন আমি বিএনপির নেতৃত্বে কোনো জোটে যাবো না।
সম্মেলনে লিখিত বার্তায় গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, আমি অসুস্থতার কারণে আপনাদের সামনে স্বশরীরে উপস্থিত হতে পারিনি। তবে আপনাদের এই জাতীয় কাউন্সিলের সমাবেশকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সাফল্য কামনা করছি। আমি সব সময় ঐক্যের কথা বলেছি। আশা করি, গণফোরামের সকল নেতা-কর্মী ও সমর্থক ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবে।