বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ইউরোপ-অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন এলাকা থেকে মানবপাচার হতো ভারতে। তারপর সেখানকার কলকাতা ও দিল্লির টর্চার সেলে চলত অকথ্য নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও ভিকটিমদের আত্মীয়দের কাছে পাঠিয়ে আদায় করা হতো লাখ লাখ টাকা। এমন সংঘবদ্ধ মানবপাচার চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। পরে থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাতে রাজধানীর পল্লবী ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৪ এর একটি দল। গ্রেফতাররা হলেন- চক্রের মূলহোতা মল্লিক রেজাউল হক ওরফে সেলিম (৬২), তার দুই সহযোগী মো. বুলবুল আহমেদ মল্লিক (৫৫) ও নিরঞ্জন পাল (৫১)। তাদের কাছ থেকে নকল পাসপোর্ট, ভিসা ও দলিল দস্তাবেজ জব্দ করা হয়।
এদিকে গ্রেফতার মানবপাচার চক্রের সহযোগী বুলবুল আহমেদ মল্লিক রাজধানীর পল্লবী থানা বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে দলীয় সূত্রে।
বিএনপির এই নেতার বিরুদ্ধে জায়গা-জমি নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়রা জানান, মিরপুর ১১ নম্বরের পলাশ নগরে বিএনপি নেতা বুলবুল মল্লিকের ৪০-৫০ জনের একটি ক্যাডার বাহিনী রয়েছে। বাহিনীর সদস্যদের মাধ্যমে এই বিএনপি নেতা বহু মানুষের জমি দখল করে জাল-জালিয়াতির মাধ্যমে অন্যের কাছে বিক্রি করতেন। সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে তিনি গুলশান-বনানীসহ অভিজাত এলাকায় অফিস ভাড়া নিয়ে কার্যক্রম চালাতেন।