বুধবার, ০১ Jul ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে সাত সদস্যের একটি মেডিক্যাল টিম বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে এসে পৌঁছেছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।
ডা. এইচএম সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, ওই সাত চিকিৎসক রাতেই বরিশালে এসে পৌঁছেছেন এবং হাসপাতালে রোগীদের সেবা প্রদান কার্যক্রমও শুরু করেছেন।
সাত সদস্যের টিমে যারা আছেন- শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক (প্লাস্টিক সার্জারি) ডা. নুরুল আলম, ডা. মাসরুর উর রহমান, রেজিষ্ট্রার ডা. মোরশেদ কামাল, ফেস বি রেসিডেন্ট ডা. মৃদুল কান্তি সরকার, ডা. শাওন বিন রহমান এবং ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ডা. আল মোনতাসির বিল্লাহ ও ডা. ইসতিয়াক সুলতান।
মেডিক্যাল টিমের প্রধান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. নুরুল আলম জানিয়েছেন, তারা আজ রোগীদের পর্যবেক্ষণ করবেন। প্রয়োজন হলে আজকেই জরুরি অপারেশন করা হবে। এ কারণে অপারেশন থিয়েটার প্রস্তুত রাখতে বলা হয়েছে। শেবাচিমেই প্লাস্টিক সার্জারি সম্ভব। যাদের ক্ষেত্রে সম্ভব নয়, তাদের ঢাকায় নেওয়া হবে।