শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

মাটির টেকসই ব্যবহার নিশ্চিত করতে বৈশ্বিক উদ্যোগ জরুরি : কৃষিমন্ত্রী

মাটির টেকসই ব্যবহার নিশ্চিত করতে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগ জরুরি। এ ব্যাপারে উন্নত দেশ ও আন্তর্জাতিক সংস্থাসমূহকে সমন্বিতভাবে ব্যাপক কর্মসূচি গ্রহণ করার এবং উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক।
মন্ত্রী আজ শুক্রবার ‘বার্লিন কৃষিমন্ত্রীদের সম্মেলনে’ ভার্চুয়ালি যোগদান করে এ আহ্বান জানান।
জার্মান ফেডারেল মিনিস্ট্রি অব ফুড অ্যান্ড এগ্রিকালচারের (বিএমইএল) আয়োজনে পাঁচ দিনব্যাপী (২৪-২৮ জানুয়ারি) ১৪তম ‘গ্লোবাল ফোরাম ফর ফুড অ্যান্ড এগ্রিকালচার (জিএফএফএ)’ এর শেষ দিনে কৃষিমন্ত্রীদের এ সম্মেলন হয়।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবার ভার্চুয়ালি কনফারেন্সটি অনুষ্ঠিত হয়েছে।  ‘ভূমির টেকসই ব্যবহার: মৃত্তিকা থেকেই খাদ্য নিরাপত্তার শুরু’ এই শিরোনামে কৃষি-খাদ্য বিষয়ক বিশ্বের অন্যতম বৃহৎ এ সম্মেলনে বিশ্বের ৭০টিরও বেশি দেশের কৃষিমন্ত্রী ও ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেছে।
কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বাংলাদেশে মাটির টেকসই ব্যবহারের নানা চ্যালেঞ্জ ও তা মোকাবেলায় বাংলাদেশ সরকারের উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে মাটির স্বাস্থ্য রক্ষা ও টেকসই ব্যবহার অনেক চ্যালেঞ্জিং। এছাড়া নগরায়ন ও শিল্পায়নসহ নানা কারণে প্রতি বছর কৃষি জমি কমছে। বাংলাদেশ সরকার মাটির টেকসই ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।
কৃষিমন্ত্রীদের সম্মেলনে জার্মান ফেডারেল মিনিস্টার অব ফুড অ্যান্ড এগ্রিকালচার অজদেমির, কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিষয়ক ইইউ কমিশনার জানুস্জ উজসিচোস্কি, বিশ্ব বাণিজ্য সংস্থার উপমহাপরিচালক জ্যাঁ মেরি পগাম ও বিভিন্ন দেশের কৃষিমন্ত্রীরা বক্তব্য রাখেন।
সম্মেলনে ৪টা বিষয়ে গুরুত্বারোপ করে আলোচনা ও করণীয় নির্ধারিত হয়। প্রথমত- মাটির অবক্ষয়রোধ করণীয়। মৃত্তিকার গুণাগুণ ও বাস্তুতন্ত্রকে কীভাবে রক্ষা করা যায়। কারণ এক-তৃতীয়াংশ প্রজাতি মাটির নিচে বসবাস করে।
দ্বিতীয়ত- অবক্ষয়সাধিত মাটির উন্নয়ন। এফএওর হিসেবে ইতোমধ্যে বিশ্বের শতকরা ৩৩ ভাগ মাটি অবক্ষয় সাধিত বা ডিগ্রেডেড হয়েছে, যা উদ্বেগজনক। কারণ ১০ সেমি মাটির উন্নয়ন করতে প্রায় দুই হাজার বছর প্রয়োজন হয়। এছাড়া মাটির অবক্ষয়ের কারণে আগামী ২৫ বছরে খাদ্যর দাম ৩০ গুণ বৃদ্ধির আশংকা করা হচ্ছে। তৃতীয়ত-সীমিত জমির টেকসই ব্যবহার ও কৃষি জমিকে কীভাবে রক্ষা করা যায়।
চতুর্থত- কৃষকেরা কীভাবে জমির মালিকানা পেতে পারে। প্রকৃত কৃষকের নিকট জমির মালিকানা থাকলেই খাদ্য নিরাপত্তা অর্জন করা সম্ভব হবে। অথচ ধারণা করা হচ্ছে- আগামী ৫ বছরে বিশ্বব্যাপী এক বিলিয়ন মানুষ তাদের নিজস্ব জমি বা ভূসম্পত্তি থেকে মালিকানা হারাবে বা উৎখাত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com