বুধবার, ০১ Jul ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সারাদেশে স্যাটেলাইট চ্যানেলের সম্প্রচার ডিজিটালাইজড করতে সেট টপ বক্স আমদানিতে কর কমানোর দাবি করেছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। পাশাপাশি বিজ্ঞাপনের ভ্যাট ও উৎসে কর টেলিভিশন চ্যানেলের পরিবর্তে বিজ্ঞাপন দাতার কাছে থেকে নেয়ার দাবি তাদের। রোববার প্রাক বাজেট আলোচনায় গণমাধ্যমের কয়েকটি দাবি পর্যালোচনা করার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।
করোনাকালে দেশের টেলিভিশন ও পত্রিকায় বিজ্ঞাপনের আয় অনেকটাই কমে গেছে। তবে বেড়েছে অনলাইন মাধ্যমের আয়। সেইসাথে জনপ্রিয় বিভিন্ন খেলার সময় বিদেশি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের চাপ থাকলেও দেশের চ্যানেলগুলোর আয় তখন কমে যায়। আর বিজ্ঞাপন বিলের ওপর উৎসে করের মাধ্যমে দ্বৈতকরের সমস্যা তৈরি হয় বলে অভিযোগ অ্যাটকোর।
বিজ্ঞাপনে বিল গ্রহণে উৎসে কর আদায়ে দ্বৈত করের জটিলতা রয়েছে বলে প্রাক-বাজেট আলোচনায় জানায় অ্যাটকো। এছাড়া বিজ্ঞাপনে উৎসে কর প্রত্যাহারেরও দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
বিজ্ঞাপনের করের টাকা যাতে এক সোর্স থেকেই নেয়া হয় এমন দাবি জানিয়েছেন অ্যাটকোর সিনিয়র সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী।
প্রাক বাজেট আলোচনায় তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশে ক্যাবল টিভির গ্রাহক সংখ্যা কারো জানা নেই। সম্পূর্ণ ডিজিটালাইজেশন হলে সরকারের কাছে গ্রাহকের হিসাব থাকবে। এতে রাজস্ব আয় হবে বছরে দেড় থেকে দুই হাজার কোটি টাকা। বর্তমানে যা ১০০ কোটি টাকারও নিচে।
তিনি আরো বলেন, সারাদেশে স্যাটেলাইট চ্যানেলের সম্প্রচার ডিজিটালাইজড করতে কয়েক কোটি সেট টপ বক্স লাগবে। তাই সেট টপ বক্স আমদানিতে নির্দিষ্ট হারে রেয়াত দেয়া প্রয়োজন। দীর্ঘমেয়াদি রাজস্ব আয়ে নজর দিলে দুটো লাভ হবে। এক,সরকারের রাজস্ব আদায় বাড়বে এবং দুই, গ্রাহকরাও ডিজিটালাইজেশনের সুফল পাবেন।
এদিকে এনবিআরের সাথে প্রাক বাজেট আলোচনায় করপোরেট কর কমিয়ে ১০ থেকে ১৫ শতাংশ করার দাবি জানিয়েছে নিউজপেপার মালিক সমিতি-নোয়াব। সংবাদপত্রের কাঁচামাল আমদানিতে বিদ্যমান ১৫ ভাগ শুল্কও প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি।
দ্বৈতকর পরিহার বা কর রিফান্ডে প্রয়োজনীয় পদক্ষেপসহ গণমাধ্যমের দাবিগুলো বিবেচনা করা হবে বলে নিশ্চিত করেছেন এনবিআর চেয়ারম্যান।
তিনি জানিয়েছেন, অটোমেশনের মাধ্যমে কর আদায় পদ্ধতি সহজ ও কর হার সহনীয় করায় গুরুত্ব দিচ্ছে রাজস্ব বোর্ড।
এছাড়াও কর দিতে দেশের নাগরিকদের সচেতন ও উৎসাহিত করতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এনবিআর চেয়ারম্যান।