শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সুপেয় পানি ও স্যানিটেশন নিশ্চিতে সিলেট ওয়াসা প্রতিষ্ঠা

সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করেছে সরকার।
পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৮ (১৯৯৬ সনের ৬নং আইন)-এর ৩ ধারায় দেওয়া ক্ষমতাবলে স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২ মার্চ  এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২ মার্চ থেকে সিলেট সিটি করপোরেশনভুক্ত এলাকার জন্য সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করলো।
গত ২৭ ফেব্রুয়ারি পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ১৯৯৬ আইন অনুযায়ী সিলেট সিটি করপোরেশন এলাকায় ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সিলেট ওয়াসা)’ গঠনের কার্যক্রম গ্রহণে এক ভার্চুয়াল সভায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, সিলেট মহানগরীতে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সিলেট ওয়াসা) গঠনের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে গেজেট  নোটিফিকেশন জারি, অর্গানোগ্রাম, চাকরি বিধিমালা প্রণয়নসহ অন্যান্য কার্যক্রম দ্রুত গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ, দপ্তর ও সংস্থাকে সভায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, সিলেট ওয়াসা প্রতিষ্ঠা হলেও ওয়াসা বোর্ড গঠন ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত সিলেট মহানগরীর পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা প্রযোজ্য ক্ষেত্রে সিলেট সিটি করপোরেশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বর্তমানের ন্যায় পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com