রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

অপ্রতিরোধ্য কিংস

প্রিমিয়ার লিগের গত আসরে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে একবারই হারের বেদনায় ডুবতে হয়েছিল। চট্টগ্রাম আবাহনী দিয়েছিল সেই তিক্ত স্বাদ। কাল বসুন্ধরা কিংস অ্যারেনায় যখন দু’দল মুখোমুখি হয় তখন এক রোমাঞ্চকর লড়াইয়ের প্রত্যাশা ছিল সবার। মাঠে ১১ জনের লড়াইয়ের পাশাপাশি ডাগআউটে হওয়ার কথা ছিল অস্কার ব্রুজন আর মারুফুল হকের টেকনিকের লড়াই। এছাড়া দারুণ ছন্দে থাকা দু’দলের দুই গোল মেশিন রবসন রবিনহো ও পিটার থ্যাঙ্কগডের মধ্যেও একটা লড়াইয়ের চাওয়া ছিল। তবে আগুনে সব লড়াইয়ে জল ঢেলে দিয়ে ম্যাচটা কিংস জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। গত মৌসুমের মতো এবার আর কৌশলে ব্রুজনের কাছে পাত্তা পাননি মারুফুল। আর ৮ গোলে শীর্ষে থাকা নাইজেরিয়ান থ্যাঙ্কগডের খেই হারানোর দিনটি জোড়া গোলে নিজের করে নিয়েছেন রবিনহো। এখন তারও গোলসংখ্যা ৮।

স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপা অভিযান শুরু করেছিল কিংস। এরপর থেকেই জয়রথ চলছে তাদের। টানা সাত ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা সমুন্নত করেছে তারা। চট্টগ্রাম আবাহনী শেষ দু’ম্যাচে দিকভ্রান্ত। টানা ছয় ম্যাচ অপরাজিত থাকার পর মারুফুল হকের দল গত ম্যাচে শেখ জামালের কাছে হেরেছে। আর কাল তাদের পেতে হয়েছে ৫ গোলের লজ্জা। ১২ পয়েন্টে তাই তাদের থাকতে হচ্ছে চতুর্থ স্থানে।

প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে কিংস। গুনে গুনে চার গোল করে তারা। কিংসের আক্রমণভাগের নেতৃত্ব দেওয়া রবিনহো এই ম্যাচেও দুর্বার। আগের পাঁচ ম্যাচের মতো এই ম্যাচেও প্রতিপক্ষের গোলের দরজা খুলেছেন অসাধারণ দক্ষতায়। তবে শুরুটা করেছিলেন ফর্মে ফিরতে থাকা সুমন রেজা। ১৭ মিনিটে ইয়াছিন আরাফাতের ক্রসে চট্টগ্রাম আবাহনী কিপার আজাদকে সুযোগ না দিয়ে নিখুঁত হেডে গোল করেন নাম্বার নাইন পজিশনে খেলা সুমন। ২৮ মিনিটে ২-০ করেন রবিনহো। সুমন রেজার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডান দিক দিয়ে বক্সে ঢুকেই বাঁকানো শটে গোল করেন এই ব্রাজিলিয়ান। চার মিনিট পর রবিনহোর বানিয়ে দেওয়া বল আয়ত্বে নিয়ে অসাধারণ ফিনিশ করেন মোহাম্মদ ইব্রাহিম। আর বিরতির আগে সুমন রেজার কাটব্যাক ভালো জায়গায় পেয়ে ৪-০ করেন রবিনহো। প্রথমার্ধে ছন্নছাড়া চট্টগ্রাম আবাহনী দ্বিতীয়ার্ধে চেষ্টা করেছিল গুছিয়ে খেলার। তবে ফিনিশারদের ব্যর্থতায় কিংসের রক্ষণকে সেভাবে পরীক্ষা দিতে হয়নি। উল্টো বদলি স্ট্রাইকার এলিটা কিংসলে ৬৭ মিনিটে ইব্রাহিমের ক্রসে গোল করে লিগে দলের বড় জয় নিশ্চিত করেন।

হারে শুরুর পর আর হোঁচট খেতে হয়নি কিংসকে। তবে শীর্ষে থাকা লড়াইয়ে তাদের দুই মূল প্রতিপক্ষ নিয়মিতই পয়েন্ট খোয়াচ্ছে। কাল যেমন স্বাধীনতার সঙ্গে ড্র করেছে দ্বিতীয় স্থানে থাকা আবাহনী। আর শেখ জামাল ড্র করেছে সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে। বাফুফের অদূরদর্শিতায় কিংস টানা ছয় ম্যাচ নিজেদের মাঠে খেলার সুযোগ পেয়েছে, যা তারা শতভাগ কাজে লাগিয়ে ব্যবধানটা বাড়িয়ে নিচ্ছে। অথচ তাদের খেলতে হচ্ছে তিনজন বিদেশি ছাড়া। ধারাটা অব্যাহত থাকলে প্রথমপর্বেই অনেকটা এগিয়ে যাবে কিংস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com