শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

পানি ও স্যানিটেশন খাতে বিনিয়োগে এডিবি’র আগ্রহ

দেশে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ন্যাশনাল গ্রীড লাইন স্থাপন ও স্যানিটেশন ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি)। আজ মন্ত্রণালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে এডিবি’র মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) কানেচি ইয়োকয়োমার নেতৃত্বে উপ-মহাপরিচালক ও কান্ট্রি ডিরেক্টরসহ একটি প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাৎকালে তারা এ আগ্রহের কথা জানান।
এসময় তাজুল ইসলাম বলেন, উপকূলীয় অঞ্চলসহ যে সকল এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে তা দূর করতে ন্যাশনাল গ্রীড চালু করার পরিকল্পনা করছে সরকার। এই লক্ষ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। দেশের মানুষের সুপেয় পানির চাহিদা পূরণে বাংলাদেশ সরকারের পাশাপাশি এডিবিকে এগিয়ে আসার আহবান জানান তিনি। এছাড়াও  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর(ডিপিএইচই) সারাদেশে স্যানিটেশন এবং বর্জ ব্যবস্থাপনায় গৃহীত প্রকল্পে সহায়তা প্রদানেরও আহ্বান জানান মন্ত্রী। ওয়াটার স্যানিটেশনে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে উল্লেখ করে তাজুল বলেন, সরকার এখন ভূগর্ভস্থ পানির চেয়ে ভূউপরিস্থ পানির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভূ-উপরিস্থ পানির ব্যবহারে এসডিজি’র যে লক্ষ্যমাত্রা  নির্ধারণ করা হয়েছে, তা নির্ধারিত সময়ের আগেই পূরণ করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে এডিবি অত্যন্ত বিশ্বস্ত এবং গুরুত্বপূর্র্ণ অংশীদার। স্বাধীনতার পর থেকেই এডিবি বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে দেশের উন্নয়নে এডিবি আরও ব্যাপক সহযোগিতা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন, প্রধানমন্ত্রীর দর্শন ‘ আমার গ্রাম আমার শহর’ , বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, আরবান গভার্নেন্সসহ আরো বেশকিছু ক্ষেত্রে কাজ করার সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করলে এডিবি মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) এ সকল খাতে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতকালে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দল বাংলাদেশের সঙ্গে সংস্থাটির পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করার কথা জানান।
এসময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মুহসিন, ডিপিএইচইর প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com