শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

ভোজ্যতেলের কৃত্রিম সংকট; দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে প্রতিযোগিতা কমিশন

ভোজ্যতেলের সরবরাহ চেইন স্বাভাবিক রাখতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আমদানিকারক থেকে শুরু করে অন্য কোন ব্যবসায়ী ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি করছে কি-না সেই তথ্য নিতে শুরু করেছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সংস্থাটি।
রোববার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মো. মফিজুল ইসলাম বাসসকে বলেন, ‘দেশে ভোজ্যতেলের আমদাকিারক প্রতিষ্ঠান মাত্র কয়েকটি। তাই আমদানিকারক থেকে শুরু করে উৎপাদক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী কেউ প্রতিযোগিতা বিরোধী কর্মকান্ড করছে কি-না আমরা সেই তথ্য সংগ্রহ করছি। কারোর বিরুদ্ধে প্রতিযোগিতা বিরোধী কর্মকান্ডের প্রমাণ পেলে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
তিনি জানান, আমদানি ও উৎপাদন পর্যায়ে যারা আছেন, তারা কৃত্রিম সংকট সৃষ্টির জন্য উৎপাদন কমাচ্ছে কি-না, অথবা পাইকারি ব্যবসায়ী বিক্রি কমাচ্ছে কি-না, কিংবা যেকোন পর্যায়ের ব্যবসায়ী মূল্য বৃদ্ধির আশায় কোনভাবে অবৈধ মজুদ করছে কি-না এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তথ্য সংগ্রহের জন্য প্রতিযোগিতা কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। গত তিন মাসে কী পরিমাণ ভোজ্যতেল আমদানি, কোথায় বাজারজাত এবং কোন মূল্যে বিক্রি করা হয়েছে এসব তথ্য তারা সংগ্রহ করছে। রিফাইনারি ও আমদানিকারকদের কাছ থেকে তথ্য নেয়া হচ্ছে। যদি দেখা যায়, সরবরাহ চেইনে কেউ সমস্যা সৃষ্টি করেছে, সেক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সংস্থাটি। পাশাপাশি কেউ যদি স্বপ্রণোদিত হয়ে প্রতিযোগিতা বিরোধী কর্মকান্ডে সম্পৃক্তদের বিরুদ্ধে অভিযোগ করে, সেটি আমলে নেয়া হবে।
মফিজুল ইসলাম বলেন, কমিশনের পক্ষ থেকে আমরা তথ্য সংগ্রহ করছি। কিন্তু এছাড়াও বাজারে প্রতিযোগিতা বিরোধী কোন কর্মকান্ড দৃষ্টিগোচর হলে-কমিশনকে সেই তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com