রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

মুস্তাফিজদের সহকারি কোচ ওয়াটসন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন।
আইপিএলের পঞ্চদশ আসরে দিল্লির প্রধান কোচ রিকি পন্টিংয়ের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াটসন।
ওয়াটসনের আগেই দিল্লির সহকারী কোচ হিসেবে আছেন প্রবীণ আমরে, অজিত আগারকার। বোলিং কোচ হিসেবে আছেন জেমস হোপস।
সহকারী কোচ হিসেবে দিল্লির সাথে যোগদানের বিষয়টি নিজেই জানিয়েছেন ওয়াটসন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আইপিএল বিশ্বের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ক্রিকেটার হিসেবে আমার দারুণ স্মৃতি আছে এখানে। ২০০৮ সালের প্রথম আসরে শেন ওয়ার্নের অধীনে রাজস্থানের হয়ে শিরোপা জিতেছিলাম আমি। এরপর আরসিবি ও চেন্নাইয়ের হয়েও খেলেছি।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেটার হিসেবে অবিশ^াস্য স্মৃতি আছে আমার। এবার কোচিং করানোর সুযোগ পেয়েছি। প্রধান কোচ গ্রেট রিকি পন্টিংয়ের অধীনে কাজ করবো। নেতা হিসেবে দারুণ ছিলেন তিনি এবং এখন কোচ হিসেবে তার অধীনে থাকবো। বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা কোচ। তার কাছ থেকে অনেক কিছু শেখার জন্য মুখিয়ে আছি। দায়িত্ব  পেয়ে আমি সত্যিই উচ্ছসিত।’
আইপিএলে এর আগে ২০০৮ সালে রাজস্থানের হয়ে শিরোপা জিতেছিলেন ওয়াটসন। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছিলেন তিনি। ২০১৮ সালে চেন্নাইয়ের হয়ে দ্বিতীয় শিরোপা জিতে ওয়াটসন।
অস্ট্রেলিয়ার হয়ে ১৯০টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন ওয়াটসন।
আসন্ন আসরে দিল্লির হয়ে খেলবেন বাংলাদেশের মুস্তাফিজ রহমান। মেগা নিলামে ফিজকে ২ কোটি রুপিতে দলে ভেড়ায় দিল্লি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com