রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
স্বাধীনতা দিবস হ্যান্ডবলের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শহীদ (ক্যাপ্টেন) এম.মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিজিবি ৩৭-৩০ গোলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
বিজয়ী দল প্রথমার্ধে ১৫-১২ গোলে এগিয়ে ছিল। বিজিবির হয়ে মেহেদী সর্বোচ্চ ১১ টি গোল করেছেন। তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গোলরক্ষক তারিকুর।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব এবং ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মো: নূরুল ইসলাম, পরিচালনা কমিটির চেয়ারম্যান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিন এবং পরিচালনা কমিটির সম্পাদক মো: মকবুল হোসেন এসময় উপস্থিত ছিলেন।