শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

গাজীপুরে ব্যবসায়ীর গুদাম থেকে টিসিবির পণ্য উদ্ধার

আসন্ন রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে সরকার যে খাদ্য পণ্য দিচ্ছে গাজীপুর মহানগরীতে তা কালো বাজারে বিক্রির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এজনকে গ্রেপ্তার ও এক ব্যবসায়ীর গুদাম থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাহীন (৩৩); তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ এলাকার বাসিন্দা।

গতকাল রবিবার রাতে ৯৯৯-এ ফোন পেয়ে পণ্য জব্দ ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গাছা থানার এসআই মো. নাসির-উজ-জামান জানান, রবিবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে গাছা থানার বোর্ড বাজারে মেসার্স মা স্টোরের মালিক শাহীনের গুদামে টিসিবির পণ্য অবৈধভাবে গুদামজাত অবস্থায় দেখতে পাওয়া যায়। এ সময় ওই গুদাম থেকে দুই লিটার বোতলের ৪৬ বোতল সয়াবিন তেল, ৮৬ কেজি চিনি, ৮২ কেজি মসুর ডাল জব্দ করা হয়।

গ্রেপ্তার শাহীনের বরাত দিয়ে পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম ও রফিক নামে দুই ব্যক্তি এসব পণ্য তার কাছে বিক্রি করেছেন। এ জন্য তার কাছে দুই লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৩০০ টাকা করে (প্রতি লিটার ১৫০ টাকা দরে), ৬০ টাকা কেজি দরে চিনি ও ৭০ টাকা কেজি দরে মসুর ডাল বিক্রি করেছেন। আরো কয়েকজন ব্যবসায়ীর কাছেও এসব পণ্য বিক্রি করা হয়।

এ ব্যাপারে গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন কালোবাজারে বিক্রি হওয়া টিসিবি পণ্য উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, আমরা বেশ কিছু পণ্য উদ্ধার ও সংশ্লিষ্ট একজন ব্যবসায়ীকে আটক করেছি। এ ব্যাপারে গাছা থানার এসআই মো. নাসির-উজ-জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শাহীনকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম বলেন, টিসিবির পণ্য ডিলারের মাধ্যমে বিক্রি করা হয়। তবে এর তদারকির মূল দায়িত্ব ওয়ার্ড কাউন্সিলরের। কোনো পণ্য অবিক্রীত থাকলে কাউন্সিলের নেতৃত্বে ট্যাগ কমিটি সিদ্ধান্ত নেবে অবিক্রীত পণ্য সমূহ উপস্থিত নিম্ন আয়ের লোকদের মাঝে বিক্রি করে দেওয়া হবে, নাকি অবিক্রীত পণ্য সমূহ অন্য দিন বিক্রি করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com