শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ধমকে সোমবার থেকে দেশের বাজারে চিকন চালের দাম কেজিতে দুই টাকা করে কমানোর ঘোষণা দিয়েছেন মিল মালিকরা।
এর আগে খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে বিপুল পরিমাণ ধান ও চালের অবৈধ মজুত উদ্ধার করা হয়। এরপর জেলা প্রশাসনের আয়োজনে এক সভায় খাদ্যমন্ত্রী ব্যবস্থা নেয়ার হুমকি দিলে চালের দাম কমানো হয়।
রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে মজুতদারি রোধে করণীয় ও বাজার তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায় মিল মালিকরা চালের দাম কমানোর ঘোষণা দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করার পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আবার নতুন করে যুদ্ধে নামতে হবে এটা আমার জানা ছিল না। কুষ্টিয়ার রশিদ সাহেবসহ চার/পাঁচজন চালকল মালিক বাংলাদেশের চালের বাজার কন্ট্রোল করেন। আমি তাদের বলব আজই আপনারা বসেন। আগামীকাল থেকে চালের বাজার বাড়া দূরের কথা, যদি না কমে আমরা যত ভালো ভালো কথা বলি না, আমাদের প্রশাসন কিন্তু তত ভালো থাকবে না, এটা আমার শেষ কথা। কোনোক্রমে খাদ্য নিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না।