শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা ফেরত পেলেন ৩২ গ্রাহক

অর্থ পরিশোধ সেবাদানকারী (পেমেন্ট গেটওয়ে) প্রতিষ্ঠানে থাকা ই-কমার্স খাতের আরো ৩২ জন ভোক্তা তাঁদের আটকে থাকা টাকা ফেরত পেলেন। শ্রেষ্ঠ ডটকমের ১১ জন গ্রাহককে ১৭ লাখ টাকা এবং আলিফ ওয়ার্ল্ডের ২১ জন গ্রাহককে ২৬ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই টাকা আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়।

টাকা ফেরত দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, যেসব ই-কমার্স প্রতিষ্ঠানে ক্রয় আদেশ দিয়ে গ্রাহকরা পণ্য পাননি বা টাকা ফেরত পাননি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০ দিন পর থেকে কঠোর হবে সরকার।

আইনানুগ ব্যবস্থা বা মামলা এড়াতে চাইলে এবং সরকারের সহযোগিতা চাইলে তাদের উচিত হবে ৩১ মার্চের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা।

তিনি আরো বলেন, বেশ কিছু প্রতিষ্ঠানের গ্রাহকের টাকা আংশিক ফেরত দেওয়া হয়েছে, যেমন আটটি প্রতিষ্ঠানের টাকা ফেরত দেওয়া হয়েছে। গতকাল আরো দুটি প্রতিষ্ঠান এ প্রক্রিয়ার মধ্যে এলো, বাকিগুলো প্রক্রিয়াধীন।

৩৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ রকম অভিযোগ আছে উল্লেখ করে সফিকুজ্জামান বলেন, ‘আমরা অভিযোগগুলো নিষ্পত্তির চেষ্টা করেছিলাম। তাঁদের অনেকে মামলার মধ্যে আছেন, অনেকে আছেন লুকিয়ে। ’ বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৪টি ই-কমার্স প্রতিষ্ঠানের মালিকপক্ষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ১১০টি মামলা রয়েছে। প্রতিষ্ঠানগুলোতে ক্রয় আদেশ দেওয়ার পর বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে আছে প্রায় ৫০০ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com