রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

ওয়ানডে শেষ করে ফিরবেন সাকিব

এক দিনে জোড়া বিসর্জনের গল্প জোহানেসবার্গের টিম হোটেলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমোদন না পাওয়ার ব্যাপারটি হাসিমুখে মেনে নিয়েছেন তাসকিন আহমেদ। আরেকজন দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। সন্তান, মা ও শাশুড়ি মিলিয়ে পুরো পরিবার তাঁর হাসপাতালে।

পেশাদার ক্রিকেটে সবার আগে পরিবার। বাবা হওয়ার মতো আনন্দদায়ী সময়েও ছুটিতে যান ক্রিকেটার। সাকিব নিজেও এমন ছুটি কাটিয়েছেন। কিন্তু ঢাকায় অবস্থানরত পরিবারের সদস্যদের স্বাস্থ্যগত যে অবস্থা, তাতে দ্রুততম সময়ে সাকিবের দেশে ফেরারই কথা। সকালে টিম ডিরেক্টর খালেদ মাহমুদও তাই বলছিলেন, ‘সব কিছুর আগে পরিবার। সাকিবের যে অবস্থা, তাতে ও চাইলে যেকোনো সময় দেশে ফিরে যেতে পারে। এখানে অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নেই। ’ আফ্রিকান প্রাইড আইরিন রিসোর্টের লেকপারের খোলা চত্বরে বসে তামিম ইকবালও সায় দেন তাতে, ‘পরিবারের আগে কোনো কিছু হতে পারে না। তবে আমার মনে হয় না ও (সাকিব) যাবে। ’

তখনো সাকিবের দেশে ফিরে যাওয়া না-যাওয়া নিয়ে ঢাকা-জোহানেসবার্গ অজস্র ফোন কল শুরু হয়নি। টিমমেট বলেই কিনা, এই সফরের সাকিবকে অন্য রকমই মনে হয়েছে বাংলাদেশ অধিনায়কের।

স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলমান উদ্বেগ থিতু হতেই তামিমের স্বস্তি, ‘বলেছিলাম না যে সাকিব ওয়ানডেটা (সিরিজ নির্ধারণী) না খেলে যাবে না!’

এর মাঝখানে ঢাকা থেকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ এবং দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশারের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তখন গলফ খেলায় ব্যস্ত থাকায় তাঁকে ফোনে পাননি বোর্ড সভাপতি। এই বিরামহীন ফোন কলের মাঝে সাকিবকে দ্রুততম সময়ে দেশে ফেরানোর ব্যবস্থা নিতে থাকে বোর্ড। আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচের পরের দুই দিন ফ্লাইটের টিকিট নেই। তবে গতরাতের ছিল। সেটি সাকিবের জন্য বুকিংও দেওয়া হয়ে যায়। সেই ফ্লাইট ধরলে আজ বিকেলে ঢাকায় পৌঁছেও যাওয়ার কথা ছিল সাকিবের।

সব আয়োজন চূড়ান্ত। কিন্তু শেষ ‘কল’টা সাকিবের। তিনি জানিয়ে দেন যে, তৃতীয় ওয়ানডে খেলার আগে দেশে ফেরার ভাবনা তাঁর নেই। যদিও এর মধ্যে বিসিবির মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, গতরাতেই দেশে ফেরার ফ্লাইট ধরছেন সাকিব।

স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে সাকিবের অভিমত জানার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে একটু যেন আবেগাপ্লুতই হয়ে পড়েন খালেদ মাহমুদ, ‘প্রথম (সিরিজের) থেকেই ও (সাকিব) খেলতে চায়। খেলার প্রতি ওর দারুণ মনোযোগ। প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হলো। দ্বিতীয় ম্যাচে রান না করলেও দারুণ বোলিং করেছে। ও আসলে এই সিরিজটা জিততে চায়। ও জানে ও না থাকলে টিম বানাতে আমাদের কতটা ঝামেলায় পড়তে হয়। আমাদের জন্য এটা দারুণ ব্যাপার যে এই সিরিজটার কথা ভেবে সাকিব স্যাক্রিফাইস করছে। ’

গতকাল স্থানীয় সময় দুপুরেই বোর্ড সভাপতিকে তৃতীয় ওয়ানডে পর্যন্ত দলের সঙ্গে থাকার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। কাকতালীয়ভাবে এর পরই ২৪ তারিখে ঢাকায় ফেরার ফ্লাইট পেয়ে যায় বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগ। তার মানে, চাইলে তৃতীয় ওয়ানডে খেলেই দেশে ফিরতে পারবেন সাকিব। খালেদ মাহমুদ তেমনটিই জানিয়েছেন, ‘সাকিব যখন চাইবে, যেতে পারবে। আমরা টিকিটও বুকিং করে রেখেছি। তৃতীয় ওয়ানডের পর দেশে ফেরার ব্যাপারটিও সাকিবের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। ’ তবে এই সিরিজের প্রতি যে মনোযোগ, তাতে টেস্টের জন্যও সাকিব দক্ষিণ আফ্রিকায় থেকে যাবেন—এমন একটি বিশ্বাসও দলে ছড়িয়ে পড়েছে।

অথচ কী আশ্চর্য, এই সিরিজে সাকিবের খেলতে আসা নিয়ে কত নাটকই না হয়েছে। দল ঘোষণার পর তিনি মিডিয়াকে জানান তাঁর অপ্রস্তুতির কথা। সফরে যেতেও চাচ্ছিলেন না। এমন মানসিক অবস্থায় ‘প্যাসেঞ্জার’ হলে বরং দলের প্রতি প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছিলেন সাকিব। সেই তিনি দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক। এখন পাখির চোখ করেছেন সিরিজ জয়কে, সেটি তো বোধগম্যই। নইলে পুরো পরিবার হাসপাতালে আছে জেনেও ২৩ তারিখের ম্যাচ খেলার জন্য এতটা মরিয়া হবেন কেন?

ক্রিকেটে তাঁর অনেক ল্যান্ডমার্ক আছে। সেসবের পেছনে আত্মত্যাগের অনেক গল্প আছে, সব পেশাদারেরই থাকে। তবে  পরিবারের কাছে না ফিরে দলের সঙ্গে তাঁর থেকে যাওয়াটা অন্য উচ্চতার আত্মত্যাগ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com