রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
আইপিএল না খেলায় তাসকিনকে ক্ষতিপূরণ দেয়া উচিত বিসিবির। আর সাকিবকে টুপি খোলা অভিবাধন জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন তিনি। জুনিয়রদের পাশাপাশি তামিম, সাকিব, মুশফিক, রিয়াদরা ফর্ম আর ফিট থাকলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব, বলছেন মাশরাফী।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের অনুশীলন শেষে মাশরাফি এসব কথা বলেন।
সেঞ্চুরিয়নে ইতিহাস গড়ার কারিগর তাসকিন। একাই প্রোটিয়া ব্যাটিং লাইনআপ ধ্বসিয়ে দিয়েছেন। ক্যারিয়ারে দ্বিতীয়বার পেয়েছেন ফাইফার। এই সাফল্যের পেছনে তাসকিনের অধ্যবসায় দুই বছর ধরে। প্রিয় সতীর্থের এমন সাফল্যে উচ্ছ্বসিত মাশরাফী।
২০১৯ সালে আইপিএল খেলতে ছাড়পত্র না দেওয়ায় মোস্তাফিজুর রহমানকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছিল বিসিবি। ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে মোস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দেয়া হয়নি।
এবারের আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু তাসকিন দেশের হয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলার সিদ্ধান্ত নেন। তাই মোস্তাফিজের মতো তাসকিনেরও পুরস্কার পাওয়া উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এসময় তিনি আরো বলেন, অ্যান্ডারসন ও ব্রডের দিকে তাকান, ইসিবি কিন্তু তাদের সব সময় এই পুরস্কার দিয়ে থাকে, যেহেতু তারা আইপিএল না খেলে দেশকে সার্ভিস দিচ্ছে। তখন ক্রিকেটারদের ভালো লাগা কাজ করে। কারণ, বোর্ড তাদের বিষয়টা দেখছে। তখন আমরা টেস্ট ক্রিকেট কেন, যেকোনো ক্রিকেট খেলার জন্য প্রস্তুত।
সাবেক অধিনায়ক মাশরাফী বলেন, আইপিএল না খেলে তাসকিন দেশের জন্য নিংড়ে দিয়েছেন সর্বোচ্চ। আর অসুস্থ পরিবারের পাশে না থেকে সিরিজ জয়ে মরিয়া ছিলেন সাকিব। দুজনকে তাই সর্বোচ্চ সম্মানের পক্ষে ওয়ানডেতে টাইগারদের সবচেয়ে সফল অধিনায়ক।
ওয়ানডে সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের সাথে ডমিঙ্গোর সম্পর্ক নিয়ে অভিযোগ তুলেছিলেন মাশরাফী। সেঞ্চুরিয়নে দুরন্ত জয়ে সে অভিযোগ থেকে কিছুটা সরে এসেছেন মাশরাফী।
সাউথ আফ্রিকার মাটিতে তাসকিন, শরিফুল, আফিফদের দুর্দান্ত পারফর্মেন্স বাংলাদেশকে দিয়েছে আত্মবিশ্বাস। সামনে ২০২৩ বিশ্বকাপ, ভারতের মাটিতে। কন্ডিশন আর ফরম্যাট বিবেচনায় বাংলাদেশকে নিয়ে আশাবাদী সাবেক অধিনায়ক।