রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

জনগণের ভাগ্য ফেরাতে আমি জীবন দিতে প্রস্তুত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে প্রয়োজনে তিনি তাঁর বাবার মতো জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তিনি বলেন, ‘আমি কক্সবাজারবাসী এবং সমগ্র বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণের ভাগ্য পরিবর্তন করতে প্রয়োজনে আমি আমার বাবার মতো জীবন উৎসর্গ করব।’
প্রধানমন্ত্রী বলেন, তাঁরা সব বাধা অতিক্রম করে দেশবাসীর জন্য একটি সুন্দর ও উন্নত জীবনের ব্যবস্থা করে যাবেন। তিনি গণভবন থেকে কক্সবাজারে অনুষ্ঠিত ‘উন্নয়নের নতুন জোয়ার : বদলে যাও কক্সবাজার’ কর্মসূচিতে যোগ দিয়ে এ কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি প্রদানের আনুষ্ঠানিক উদযাপনের অংশ হিসেবে কক্সবাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ তার সবচেয়ে কাছের ও প্রিয়জন। কারণ তিনি ১৯৮১ সালে নির্বাসন থেকে দেশে ফেরার পর বৃষ্টি ও ঝড় উপেক্ষা করে হাজার হাজার মানুষকে স্বাগত জানাতে দেখেছিলেন।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আমার সবচেয়ে কাছের এবং তারাই আমার পরিবার। আমি আপনাদের মধ্যে আমার হারিয়ে যাওয়া বাবা, মা ও ভাইয়ের ভালোবাসা ও স্নেহ খুঁজে পেয়েছি।”
তিনি বলেন, বাংলাদেশের জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করতে তিনি এক মুহূর্তের জন্যও দ্বিধা করেন না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com