শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
করদাতার প্রদেয় অর্থ (রিফান্ড) ফেরতদাবী অনলাইনে দ্রুত নিষ্পত্তির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদপ্তর (ডেডো) অনলাইন রিফান্ড অ্যাপস (ডেডোপে) চালু করতে যাচ্ছে। এ লক্ষ্যে সম্প্রতি ডেডোর ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। এই অ্যাপস ডেডোর ওয়েবসাইটে সরাসরি সংযুক্তিযোগ্য হবে।
এ বিষয়ে ডেডোর মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বাসসকে বলেন, ‘ডেডোপে অংশীজনদের প্রদেয় অর্থের ফেরতদাবী অনলাইনে নির্ভুল ও দ্রুত নিষ্পত্তির প্ল্যাটফর্ম। ফেরতদাবী আবেদনকারির আবেদনের প্রকৃতি ও ধরণ বিশ্লেষণপূর্বক অনলাইনে প্রাসঙ্গিক তথ্য ও সেবা প্রদান করাই এর প্রধান উদ্দেশ্য।’ তিনি জানান, অংশীজনদের ফেরতদাবী গতানুগতিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হতে যেখানে সপ্তাহের বেশি সময় লাগে, সেখানে এই অ্যাপস চালু হলে মাত্র একদিন বা এক ঘন্টায় নিষ্পত্তি করা সম্ভব হবে।
বেলাল হোসাইন চৌধুরী আরও জানান, অ্যাপসের সুবিধাগ্রহণকারি প্রত্যেকের নিজস্ব পরিচিতি নম্বর (ইউনিক আইডি) থাকবে। আবেদন পেশের পর নির্ধারিত ই-মেইল বা মোবাইলে ওটিপি চলে যাবে। একজন দেশি-বিদেশী আবদেনকারি আবেদন দাখিল হতে নিষ্পত্তি পর্যন্ত তার আবেদনের হালানাগাদ অবস্থা ট্র্যাকিং নম্বর দিয়ে জানতে পারবেন।
বিদেশী সংস্থার আবেদনকারির পাশাপাশি একই অ্যাপস ডেডোর কর্মকর্তাদের কার্যনিষ্পত্তির ক্ষেত্রে ব্যবহার করার সুযোগ থাকছে। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্লেইম ভাউচার প্রণয়ন, অনলাইনে ভ্যাট চালান যাচাই, অটোমেটেডে নোট শীট তৈরি এবং রিফান্ড সংক্রান্ত তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।