রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ডিপিএল: রুপগঞ্জের টাইগার্সের জয়ে মোহামেডানের স্বপ্নভঙ্গ, মিথুনের সেঞ্চুরির পরও জিতলো আবাহনী

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের জয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে খেলার আশা ভঙ্গ হলো মোহামেডান স্পোটিং ক্লাবের।
আজ ডিপিএলের ৫২তম ম্যাচে রুপগঞ্জ টাইগার্স ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। এই জয়ে ষষ্ঠ ও শেষ দল হিসেবে ডিপিএলের সুপার লিগে উঠলো রুপগঞ্জ টাইগার্স। ১০ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রুপগঞ্জ টাইগার্স। এই অবস্থা গাজী গ্রুপের। তার আছে টেবিলের ষষ্ঠস্থানে।
৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে মোহামেডান। শেষ ম্যাচে জিতলে রুপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপের সমান ১০ পয়েন্ট হবে মোহামেডানের। সমান হলেও, সুপার লিগে উঠতে পারবে না মোহামেডান। কারন রুপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপের বিপক্ষে মুখোমুখি দেখায় হেরেছিলো মোহামেডান।
রুপগঞ্জ টাইগার্স ছাড়াও সুপার লিগ নিশ্চিত করা অন্য পাঁচটি দল হলো- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রুপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ।
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গাজী গ্রুপ। রুপগঞ্জ টাইগার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে বড় স্কোর করতে পারেনি গাজী গ্রুপ। ৫০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান করে গাজী গ্রুপ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ওপেনার মেহেদি মারুফ। এছাড়া অধিনায়ক আকবর আলি ৪৮ ও ভারতের গুরিন্দার সিং ৪৯ রান করেন। রুপগঞ্জ টাইগার্সের নাসুম আহমেদ-মুকিদুল ইসলাম এনামুল হক জুনিয়র ২টি করে উইকেট নেন।
২০৬ রানের টার্গেটে ৪৮ ওভারে গিয়ে জয়ের দেখা পায় রুপগঞ্জ টাইগার্স। ফজলে মাহমুদ ১১৯ বলে ৭৪ রান করে দলের জয়ে অবদান রাখেন। তার ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা ছিলো।
২২ রানে ২ উইকেট নেয়ায় ম্যাচ সেরা হন রুপগঞ্জ টাইগার্সের নাসুম।

মিথুনের সেঞ্চুরির পরও জিতলো আবাহনী
ঢাকা, ১৪ এপ্রিল ২০২২ (বাসস) : অধিনায়ক মোহাম্মদ মিথুনের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম রাউন্ডের শেষ ম্যাচে জিততে পারলো না প্রাইম ব্যাংক।
আজ ডিপিএলের ৫১তম ম্যাচে আবাহনী ২৮ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।
১০ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আবাহনী এবং ১২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে প্রাইম ব্যাংক। দু’দলই সুপার লিগ নিশ্চিত করেছে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে প্রাইম ব্যাংক। ভারতের হনুমা বিহারির হাফ-সেঞ্চুরির সাথে অন্যান্য ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭১ রান করে আবাহনী।
বিহারি ৫৮, অধিনায়ক মোসাদ্দেক হোসেন ৪০, শামিম হোসেন ৩৬ ও লিটন দাস-আফিফ হোসেন ৩০ রান করে করেন। প্রাইম ব্যাংকের মাহেদি হাসান ৩টি উইকেট নেন।
জবাবে ২৩ রানে ৩ উইকেট হারায় প্রাইম ব্যাংক। তবে এক প্রান্ত আগলে দলের পক্ষে একাই লড়াই করেছেন মিথুন। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরিও তুলে নেন তিনি।
৪৮তম ওভারে নবম ব্যাটার হিসেবে আউট হন মিথুন। এরপরই ম্যাচ হারের স্বাদ নেয় প্রাইম ব্যাংক। ৯৫ বলে ৮টি চার ও ৫টি ছক্কায় ১০৩ রান করেন মিথুন। ৪৮ দশমিক ১ ওভারে ২৪৩ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক।
আবাহনীর সাইফুদ্দিন-তানজিম হাসান সাকিব-মোসাদ্দেক-তানভীর ইসলাম ২টি করে উইকেট নেন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com