শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
যারা মুজিবনগর সরকারকে সম্মান জানায় না তারা পাকিস্তানি প্রেতাত্মার উত্তরসূরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ রোববার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় রাজধানী থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
এ বিষয়ে মন্ত্রী আরো বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস বাঙালি জাতিসত্তার স্বাধীন বাংলাদেশের প্রথম সূতিকাগার। যেখান থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা পরিচালনা শুরু হয়। অথচ এখনও বাংলাদেশে একটি মহল আছে যারা মুজিবনগর সরকারকে সম্মান জানায় না। মুজিবনগর দিবস তারা পালন করে না। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে সম্মান জানায় না। তারা পাকিস্তানি চিন্তা-চেতনা ও ধ্যান-ধারণায় বিশ্বাস করে।
বাঙালি জাতির ইতিহাসে মুজিবনগর দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, “বাংলাদেশের স্বাধীনতার সূর্যের অভ্যূদয় হয়েছিল মুজিবনগর সরকার গঠনের মধ্য থেকে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলা সরকার প্রথমে দেশের অভ্যন্তরে, পরবর্তীতে প্রবাসে অবস্থান নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের স্বীকৃতি আদায়ের জন্য কাজ করে।