রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

ডিপিএল: সাকিবের সাফল্যের দিনে ব্যর্থ তামিম

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে নিজের প্রথম ম্যাচে বল হাতে সফল হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাত ওভার বল করে ১৯ রানে ২ উইকেট নেন তিনি।
ডিপিএলের সুপার লিগে উঠতে ব্যর্থ হওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব ছেড়ে লিজেন্ডস অব রুপগঞ্জে যোগ দেন সাকিব। আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে আগে নিজেকে ঝালিয়ে নিতে সুপার লিগের বাকী অংশে খেলার সিদ্বান্ত নেন সাকিব।
আজ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন সাকিব। প্রতিপক্ষ হিসেবে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে পেয়ে উজ্জীবিত হয়েছিলেন তিনি। সাকিবের মত ডিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামেন তামিম।
তবে সাকিবের মত জ¦লে উঠতে ব্যর্থ হন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম। ছক্কা দিয়ে রানের খাতা খুললেও, ব্যক্তিগত ৮ রানে সাকিবের বলে আউট হন তামিম।
বিকেএসপিতে ভেজা আউটফিল্ডের কারণে লিজেন্ডস অব রুপগঞ্জ ও প্রাইম ব্যাংকের ম্যাচটি ৩৩ ওভারে নামিয়ে আনা হয়।  ম্যাচে তামিমের পর নাসির হোসেনকেও শিকার করেন সাকিব।
প্রথমে ব্যাট করে ৩১ দশমিক ২ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। লিজেন্ডস অব রুপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ভারতের চিরাগ জানি দু’টি করে উইকেট নেন।
নিজের দারুন ফর্ম অব্যাহত রেখেছেন  প্রাইম ব্যাংকের ওপেনার এনামুল হক  বিজয়। ৯১ বল খেলে ৭৩ রান করেন তিনি। এবারের লিগে দু’টি সেঞ্চুরির সাথে সপ্তম হাফ-সেঞ্চুরির দেখা পান বিজয়।
তবে এক মাস বিরতির পর সরাসরি কোন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নেমে ফুরফুরা মেজাজেই ছিলেন সাকিব। প্রাইম ব্যাংকের ব্যাটারদের চাপে রাখতে লাইন-লেন্থ বজায় রেখে দারুন বোলিং করেন সাকিব।
দক্ষিণ আফ্রিকা সফরের পর ব্যক্তিগত কাজে লন্ডন যান তামিম। দু’দিন আগে দেশে ফিরে সাকিবের মতো কোন অনুশীলন ছাড়াই সরাসরি ডিপিএল খেলতে নামেন তিনি। তবে দুর্ভাগ্যবশত, বড় ইনিংস খেলে ম্যাচটি স্মরনীয় রাখতে পারলেন না তামিম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com