বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

মিজোরাম সীমান্তে বর্ডার হাট স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী

ভারতের মিজোরাম রাজ্য এবং বাংলাদেশের মানুষের মধ্যে  যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে মিজোরাম সীমান্তে একটি বর্ডার হাট স্থাপন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মিজোরাম সফররত বাণিজ্যমন্ত্রী ওই রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ড. আর লালথাংলিয়ানার সাথে সোমবার একটি যৌথ বিবৃতি স্বাক্ষরের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
টিপু মুনশি বলেন, মিজোরামের সিলসুরি এবং বাংলাদেশের সীমান্ত এলাকা সাজেকে একটি বর্ডার হাট স্থাপনের বিষয়ে মিজোরাম সরকার যে প্রস্তাব দিয়েছে, তাতে বাংলাদেশ সম্মতি জানিয়েছে।
তিনি বলেন, উভয় দেশ একমত যে, মিজোরামের সাথে বাংলাদেশের বিপুল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক, নির্মাণ সামগ্রী, প্লাস্টিক ও খাদ্য পণ্যসহ বিভিন্ন পণ্য মিজোরামে রপ্তানি করা সম্ভব। সেখানে এসকল পণ্যের বিপুল চাহিদা রয়েছে। একই সাথে মিজোরামের পাথর, হলুদ, আদা, মরিচ, বাশ ইত্যাদি বাংলাদেশে আমদানি করার সুযোগ আছে।
তিনি মনে করেন, মিজোরাম সীমান্তে  বর্ডার হাট স্থাপন হলে বাংলাদেশের সাথে এই রাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, লুসাই পাহাড়ের অবস্থান মিজোরামে, কর্ণফুল নদী লুসাই পাহাড় হতে উৎপত্তি হয়ে বাংলাদেশের চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত। নৌপথ ব্যবহার করে মিজোরামের সাথে বাংলাদেশের পণ্য পরিবহন ও বাণিজ্যবৃদ্ধির সম্ভাব্যতা যাচাই করার আশ্বাস দেন তিনি।
বাণিজ্যমন্ত্রী সেখানকার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত সমৃদ্ধ হচ্ছে। উন্নয়ন এখন দৃশ্যমান।
তিনি জানান, বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের মতো প্রতিবেশি দেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। প্রতিবেশিদের সাথে বাণিজ্য বৃদ্ধির পরিবেশ তৈরি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কাজ করছে বাংলাদেশ সরকার।
ভারতের মিজোরাম রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ড. আর লালথাংলিয়ানা বলেন, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ও নৌপথ ব্যবহার করে উভয় দেশের পণ্য পরিবহন ও বাণিজ্য বৃদ্ধি করার সুযোগ রয়েছে। এ বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। তিনি আরও বলেন, বর্ডার হাটের বিষয়ে উভয় দেশের মানুষ আগ্রহী। এখানে বর্ডার হাট স্থাপন হলে পারস্পরিক যোগাযোগ স্থাপনের পাশাপাশি বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধি পাবে। এতে লাভবান হবে উভয় দেশ।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মিজোরাম রাজ্য সফর করছেন। এসময় তিনি মিজোরাম রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাথে বর্ডারহাট স্থাপনের সম্ভাব্য স্থান সীমান্ত এলাকা সিলসুরি-সাজেক পরিদর্শন করেন।
সফরকালে টিপু মুনশি মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এবং মিজোরাম রাজ্য সভার স্পিকার লালরিনলিয়ানা সাইলোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উভয় দেশের সার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
মিজোরাম সরকারি দলের ডেপুটি চিফ হুইপ লালরিন্টলুয়াঙ্গা সাইলো, মিজোরাম সরকারের কমার্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান কে লালডাংলিয়ানা এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com