বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

যাত্রীসেবা ও পণ্য পরিবহণে শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান নৌপরিবহন প্রতিমন্ত্রীর

যাত্রীসেবা ও পণ্য পরিবহণে শ্রমিকদের আরো বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যেই  মানুষকে সর্বোচ্চ সেবা দিতে হবে। দেশের মানুষ যেন মনে করে আমরা তাদের পাশে আছি।
প্রতিমন্ত্রী বুধবার ঢাকা সদরঘাট টার্মিনালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নৌযান শ্রমিক ও গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, পরিচালক (বন্দর) ওয়াকিল নেওয়াজ, ঢাকা নদী বন্দরের কর্মকর্তা (যুগ্ম পরিচালক) আলমগীর কবির উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী এ সময় বলেন, একসাথে সবাইকে নিয়ে আমরা ঈদের আনন্দ পেতে চাই। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন ঈদের আনন্দকে মলিন করে না দেয়, সেদিকে সচেষ্ট থাকতে হবে।
উল্লেখ্য, দেশের ২০টি নদী বন্দরে ৬,৫০০ প্যাকেট খাদ্য বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে এক কেজি পোলাওর চাল, এক কেজি লাচ্ছি সেমাই, এক কেজি চিনি, হাফ লিটার তেল ও এক কেজি লবণ রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থাপনায় সেবা দিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি, জীবন-জীবিকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনের সাথে জড়িত শ্রমিকদেরও সেবা দিয়ে থাকে। করোনার সময়ে বিআইডব্লিউটিএ শ্রমিকদের পাশে ছিল।
করোনা মহামারীর সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেটে খাওয়া মানুষের পাশে দাঁিড়য়েছিলেন উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসা-বাণিজ্য সচল রাখতে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখতে তিনি কাজ করেছেন। প্রধানমন্ত্রীর সুচিন্তিত ব্যবস্থাপনায় খেটে খাওয়া মানুষরা ক্ষতিগ্রস্থ হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com