রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

লাল দুর্গে হলুদ সাবমেরিন

লা লিগায় ভিয়ারিয়ালের পদার্পণ ১৯৯৮ সালে। ততদিনে চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা হয়ে গেছে লিভারপুলের। ২৪ বছর পর সেই ভিয়ারিয়াল ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতার সেমিফাইনালে লিভারপুলের সামনে। জুভেন্তাস, বায়ার্ন মিউনিখের মতো দলকে হারিয়ে সেমিতে উঠে এসেছে ইয়েলো সাবমেরিনরা। তাই লিভারপুলকে সতর্ক থাকতে হচ্ছে। এর আগে ইউরোপা লিগের দেখায় (২০১৬, সেমিফাইনাল) ঘরের মাঠে লিভারপুল জিতলেও প্রতিপক্ষের মাঠে গিয়ে হারতে হয়েছিল।

চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে সবশেষ দুই ম্যাচে জিততে পারেনি লিভারপুল। শেষ ষোলোতে ইন্তারের কাছে হার এবং কোয়ার্টার ফাইনালে বেনফিকার সঙ্গে ৩-৩ ড্র হয় তাদের ম্যাচ। তাই আজ ঘরের মাঠে খেলা হলেও স্বস্তিতে নেই অলরেড সমর্থকরা। তবে ভিয়ারিয়ালের ফরাসি মিডফিল্ডার এতিয়েঁ ক্যাপু মনে করেন অ্যানফিল্ডে খেলা মানে নরকে খেলা। বোঝাতে চেয়েছেন অ্যানফিল্ডে ম্যাচ জেতাটা সহজ নয়। ক্যাপু ২০২১-এ ভিয়ারিয়ালে যোগ দেওয়ার আগে খেলেছেন ওয়াটফোর্ড ও টটেনহ্যামে। ফলে অ্যানফিল্ডে খেলার অভিজ্ঞতা আছে তার। ওয়াটফোর্ডের হয়ে অ্যানফিল্ডে চারটি ম্যাচ খেলেছেন, যে ম্যাচগুলোতে ১৮ গোল খেয়েছিল তারা। ‘অ্যানফিল্ড নরক, এটাই সত্যি। ইংল্যান্ডের সবচেয়ে বাজে স্টেডিয়াম এটি, এই স্টেডিয়ামে যে আবহ এবং লিভারপুল যেভাবে এখানে ৯০ মিনিট খেলে, মনে হবে আপনি নরকে আছেন।’

চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে ভিয়ারিয়াল সবশেষ ম্যাচ হেরেছিল গেল নভেম্বরে। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে গ্রুপ পর্বে। আজ আবারও ইংলিশ প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে উনাই এমেরির দল। নকআউটের চার ম্যাচের তিনটিতে জয়, একটি ড্র করেছে ভিয়ারিয়াল। তাই দলটির সেমিতে উঠে আসাকে ফ্লুক বলা যাবে না। ভিয়ারিয়াল চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল নিশ্চিতের পর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, ‘জুভেন্তাস ও বায়ার্নকে হারানোয় সেমিফাইনাল স্পটটা তাদের প্রাপ্য। উনাই এমেরি কাপের রাজা। সে যা করছে তা অবিশ্বাস্য।’ ভিয়ারিয়াল কোচ উনাই এমেরি সেভিয়াকে তিনটি ইউরোপা লিগ জিতিয়েছেন। গেলবার ইউরোপা জিতিয়েছেন ভিয়ারিয়ালকে। এছাড়া পিএসজিকে জিতিয়েছিলেন চারটি ঘরোয়া কাপ। আর্সেনালে কাপ না পেলেও গানার্সদের তুলেছিলেন ইউরোপা লিগের ফাইনালে। তাই এমেরির কোচিং ক্যারিশমায় এমন মুগ্ধতা ক্লপের। সতর্কও তিনি, ‘জুভেন্তাস ও বায়ার্নের সঙ্গে ভিয়ারিয়াল হয়তো এই সুবিধাটা পেয়েছিল যে তারা দলটাকে (ভিয়ারিয়াল) হয়তো হাল্কাভাবে নিয়েছিল। কিন্তু আমরা সেটা করব না। তারা ফাইনালে যেতে চায়, আমরাও চাই।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com