রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শেখ জামালের প্রথম শিরোপা

‘ওরা পারলে আমরা কেন নয়?’ এই বিশ্বাসের মন্ত্রেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে পাল্টে দিয়েছেন ইমরুল কায়েস। সাবেক চ্যাম্পিয়ন আবাহনী, তারকায় ঠাসা প্রাইম ব্যাংক, আর মাশরাফি-সাকিব লিজেন্ডদের রূপগঞ্জকে পেছনে ফেলে শেখ জামালকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন করলেন পোড় খাওয়া এই ক্রিকেটার। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর ডিপিএল শিরোপা অনন্য ডাবল এনে দিল তাকে।

কাল মিরপুরে আবাহনীকে হারিয়েই গতবারের চ্যাম্পিয়নদের হাত থেকে ট্রফি নেওয়ার আনুষ্ঠানিকতা সেরে রাখল শেখ জামাল। গতকালের জয়ের নায়ক নুরুল হাসান সোহান। টানা তৃতীয় ম্যাচে দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচ জেতালেন জাতীয় দলের এই ক্রিকেটার। আবাহনীর করা ৬ উইকেটে ২২৯ রানের জবাবে জামাল ৭৮ রানে ৫ উইকেট হারালেও সোহান ৮১ বলে হার না মানা ৮১ রানের ইনিংসে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছেন। এতে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে খুব কাছের রূপগঞ্জের ধরাছোঁয়ার বাইরে চলে যায় শেখ জামাল।

সোহান গত তিন ম্যাচে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। নিজেই দলকে জেতাবেন এই চেতনা জাগান। অথচ আরও আগে থেকেই দলে সেই চেতনা তৈরি করেন অধিনায়ক ইমরুল। অন্যরা পারলে তারাও পারবেন এই বিশ্বাস দিয়েছেন দলের সবার মনে। শিরোপা নিশ্চিতের পর ইমরুল জানালেন আবাহনী জিততেই থাকবে এই দৃশ্য বদলাতে চান, ‘কুমিল্লায় যখন আমি যাই সবারই লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হব। এ বছর যখন আমি শেখ জামালে যাই সবার প্রতি মেসেজটা এমনই ছিল যে দুই-একটা নির্দিষ্ট দল প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হয়। এই ক্রিকেটারদের সঙ্গে আমরা ঘুরে ফিরে খেলি। ওরা যদি পারে আমরা কেন পারব না। এই বিশ্বাসটা সবার মনে দিতে পেরেছি বলে এই সাফল্যটা এসেছে।’

অধিনায়ক হিসেবে অনন্য হয়ে উঠেছেন ইমরুল। এই সাফল্য এনেছেন সবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ছন্দ তৈরি করে। টুর্নামেন্টে তার চোখে তার দলের সেরা সোহান। এ ছাড়া মৃত্যুঞ্জয়, সানজামুল ও পারভেজ রসুলদের স্মরণ করলেন শেখ জামাল অধিনায়ক। শেষ তিন ম্যাচে জয়ের নায়ক সোহানের প্রতি অগাধ আস্থা তার। তাই শুরুর দিকে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে মিস করছিলেন বলে জানান, ‘আশা করেছিলাম সোহান এমনই ব্যাট করবে। সোহানের মতো কেউ করতে পারছিল না। সোহান যতদিন ছিল না আমরা এ রকম কাউকে মিস করছিলাম।’

পুরো আসরের মতো কালও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন পারভেজ রসুল। ভারতীয় ক্রিকেটার সোহানের সঙ্গে ৩৩ রানের ইনিংস খেলে ষষ্ঠ উইকেটে ৭২ রানের জুটি গড়েন। মূলত ওই জুটিতেই জয়ের বিশ্বাস পেয়ে যায় জামাল। পরে ৩৯ রানে অপরাজিত থাকা জিয়াউরকে নিয়ে ৮২ রানের জুটিতে ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন ৮ চার ও ২ ছক্কায় ৮১ বলে ৮১ রান করা সোহান। তাই ঢেকে যায় টপ অর্ডারের ব্যর্থতা।

ম্যাচ জিতিয়ে সোহান জানালেন নিজের প্রতি আত্মবিশ্বাস থেকেই এত ভালো খেলছেন। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ১৩২ রানের ইনিংসের পর প্রাইম ব্যাংকের সঙ্গে করলেন ৭১ আর এই ম্যাচে ৮১, ‘আলহামদুলিল্লাহ খুব বেশি আত্মবিশ্বাসী ছিলাম। আর গত কিছু বছর ধরে তো শেখ জামালের হয়ে খেলি সেই আবেগও ছিল।’ তবে ম্যাচ জিতিয়েও বিনয়ী সোহান। ৫ উইকেট পড়ার পর উইকেটে টিকে থাকার পরিকল্পনা নিয়ে এগোতে থাকেন। নিজেকে আরও ভালোভাবে গড়তে চান ফিনিশার হিসেবে, ‘ইচ্ছা ছিল অনেকদূর পর্যন্ত ব্যাট করা। না না আমি এখনো ওভাবে চিন্তা করছি না (পরিণত ব্যাটার)। তবে ওরকম পরিস্থিতি যদি আসে তাহলে চেষ্টা করব বাংলাদেশ দলের জন্য যেন কিছু করতে পারি। আর এ জিনিসগুলো দ্বারা অভ্যাস তৈরি হওয়া একটা বড় ব্যাপার। সেটাও শিখতে চাইছি।’

এর আগে তৌহিদ হৃদয়ের ৫৩ রান ছাড়া আবাহনীর টপঅর্ডার আবারও ব্যর্থ হয়। নিচের দিকে সাইফউদ্দিনের ৫ ছক্কার ঝড়ো ইনিংসটি না থাকলে আবাহনীর রান দুইশো ছাড়ানো কিনা সন্দেহ। সাইফউদ্দিন ৩৩ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন। এছাড়া জাকের আলি অনিক ৭০ বলে ৪৭ রান করে দলকে সম্মানজনক স্কোর এনে দেন।

কাল রূপগঞ্জের সঙ্গে ম্যাচের পর ট্রফি উৎসব করবে শেখ জামাল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com