বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী আদালত বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ আজ শেষ হয়েছে।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে ৯, ১০ ও আজ ১১ মে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি (আপিল বিভাগ থেকে অবসরপ্রাপ্ত) মো. নিজামুল হক নাসিম। অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন পিআইবির মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদ।
আইন, আদালত বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ৩৫ জন সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল পর্যন্ত সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পিআইবিতে এ প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রথম বারের মতো লেকচার দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বাংলাদেশের এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। এছাড়াও রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন সুপ্রিমকোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিষ্টার এবিএম আলতাফ হোসেন, ইংরেজি ডেইলি নিউ এজ’র বার্তা সম্পাদক শহীদুজ্জামান ও নিউইয়র্ক টাইমসের স্টিংগার জুলফিকার আলি মানিক।
এলআরএফ’র সভাপতি মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন প্রশিক্ষণে অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকতার নীতিমালা ও এই সংক্রান্ত আইন নিয়ে প্রশিক্ষণ আয়োজন করে থাকে। সারাদেশে উপজেলা পর্যায়েও প্রেস কাউন্সিল সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ আয়োজন করে। সাংবাদিকদের প্রশিক্ষণ বিষয়ে প্রেস কাউন্সিল সিরিয়াস। তিনি মুক্তিযুদ্ধে সাংবাদিকদের অবদান তুলে ধরেন। ২৫ মার্চের গণহত্যার চিত্র বিশ্ববাসীর কাছে প্রকাশ করেন সাংবাদিকেরা।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু প্রেস কাউন্সিল, প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে গেছেন। তিনি বঙ্গবন্ধুর দূরদর্শিতা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
পিআইবির ডিজি জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকতার উৎকর্ষতা সাধনে পিআইবি নানাবিধ প্রশিক্ষণের আয়োজন করে যাচ্ছে। তথ্য প্রযুক্তির বিকাশে সাংবাদিকতার ধরনও এখন পাল্টে গেছে। এখন মোবাইল জার্নালিজমের বিকাশ ঘটছে। অনস্পট রিপোর্টিং করতে হয়। এর ওপর যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন রয়েছে। এ বিষয়ে পিআইবি প্রশিক্ষণের আয়োজন করছে। শিশু সাংবাদিকতা বিকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অধ্যায়নরত শিক্ষার্থীদের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
জাফর ওয়াজেদ বলেন, আদালত সাংবাদিকতার জন্য আইনসহ বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন জরুরি। আদালত সাংবাদিকতার জন্য পিআইবি প্রথমবারের মতো প্রশিক্ষণ আয়োজন করলো। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।