রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শ্রীলঙ্কা জাতীয় দলে খেলতে পারেননি। তবে ২০ বছরের ক্যারিয়ারে রাগামা ক্রিকেট ক্লাব ও সেন্ট জোসেফ কলেজের হয়ে লিগ ও কলেজ পর্যায়ের শিরোপা জিতেছেন রোশান আবেসিংহে। ২০০০ সাল থেকে টেলিভিশন ধারাভাষ্যকার হিসেবে শুরু করে হয়ে উঠেছেন লঙ্কান ক্রিকেট ভয়েস। দেশ রূপান্তরের শিহাব উদ্দিনের সঙ্গে ক্রিকেটের নানা বিষয়সহ শ্রীলঙ্কার কঠিন পরিস্থিতি নিয়েও আলোচনা করলেন।
শ্রীলঙ্কার সঙ্গে নিয়মিতই খেলে বাংলাদেশ। সেই হিসেবে দলটিকে আপনি অনেক দিন ধরেই দেখছেন। কী পার্থক্য দেখছেন?
রোশান : অবশ্যই ব্যাপক পরিবর্তন হয়েছে। বাংলাদেশ ছোট ফরম্যাটে তো ভালোই, এখন টেস্ট দল হিসেবেও দারুণ। টেস্টে ভালো একটা স্পিন আক্রমণ যেমন সাকিব, তাইজুল ও তরুণ নাঈমকে দেখলাম দারুণ মাথা খাটিয়ে বল করছে। প্রথম ইনিংসে তো ৬ উইকেট পেল। মেহেদী হাসান মিরাজও আছে। একই সঙ্গে বাংলাদেশের পেস অ্যাটাকও অসাধারণ উন্নতি করেছে। আমি তাসকিনকে গত শ্রীলঙ্কা সিরিজেই দেখেছি শ্রীলঙ্কায় ফ্ল্যাট উইকেটেও দুর্দান্ত বল করেছে। দুর্ভাগ্যবশত সে এই সিরিজে নেই। এবাদত হোসেন নিউজিল্যান্ডে স্বপ্নের স্পেল করে একটা টেস্ট জিতিয়েছে। এর সঙ্গে বোলিং কোচ হিসেবে বাংলাদেশ অ্যালান ডোনাল্ডকে পাচ্ছে যিনি একজন পেস বোলিং লিজেন্ড। আমি দৃঢ় বিশ্বাস করি এই গ্রুপটার উন্নতি এগিয়ে নিতে ওদের ভবিষ্যতের জন্য তৈরি করতে দারুণ ভূমিকা রাখবে। আর ব্যাটিংয়ের কথা বলতে হলে অবশ্য্ই নতুনদের টানব। জয়কে দেখলাম কতটা ঠা-া মাথায় ব্যাট করতে পারে। তামিম-মুশফিক-সাকিব আছে। তো ওভারঅল ভালো টেস্ট সাইড হয়ে উঠছে।
পেসারদের কথা বললেন। বাংলাদেশ এখন পেসে উন্নতি করতে গিয়ে স্পিনে পিছিয়ে গেছে?
ভালোটা নিয়মিত দেখাতে পারছে না বাংলাদেশ। বিশেষ করে বিদেশে। কারণ কী হতে পারে?
রোশান : বুঝতে হবে, বাংলাদেশকে বিদেশে এখনই জিততে দেখা কঠিন। ভারত, অস্ট্রেলিয়া ছাড়া এমন একটি দলের নাম বলুন যারা কিনা এখন বিদেশে গিয়ে জিতছে। ইংল্যান্ডের কথা বলি, ওরা ভারতে এসে নাস্তানাবুদ হয়ে গেল। ওদিকে ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিতেছে। অস্ট্রেলিয়া পাকিস্তানে এসে সিরিজ জিতল। বিষয়টা হলো বিদেশি কন্ডিশন, সব দল নিজেদের হোম সুবিধা নেয়। এখানে ব্যতিক্রম ভারত-অস্ট্রেলিয়া। ওরা অনেক ভালো দল। ওদের সংস্কৃতিটাই ওভাবে গড়ে উঠছে যে ভালো ক্রিকেটার সব সময় থাকে। তো ওদের জন্য বিদেশে গিয়ে টেস্ট জেতা যত সহজ অন্য কোনো দলের পক্ষে তা সহজ নয়। বাংলাদেশের জন্যও নয়। তবে সুবিধা আছে যে বাংলাদেশ নিজেদের দারুণভাবে তৈরি করছে।
বাংলাদেশের ব্যাটিংকে কী বলবেন। ব্যাটিংও তো ধারাবাহিক না?
রোশান : এটা হতেই পারে। দেখুন, ভারতও কিন্তু অস্ট্রেলিয়ায় ৩৬ রানে অলআউট হয়েছে। এর মানে আপনি পুরো দলটাকে তো আর খারাপ বলতে পারেন না। একটা দিন খারাপ যেতেই পারে, তাই না। বিষয়টা হলো বিদেশি কন্ডিশন। এটা বুঝতে হবে। বর্তমান সময়ে প্রত্যেকটা দলই এই চ্যালেঞ্জে পড়ছে। ইংল্যান্ডের কথা আমি একটু আগেই বললাম। আপনি কোনো এশিয়ান দলকে মে-জুনের দিকে ইংল্যান্ডে পাঠান, দেখবেন ওরা খুব বিপদে পড়বে। আবার অস্ট্রেলিয়ার পার্থে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গিয়ে কোনো এশিয়ান দলকে খেলতে বলুন। ব্যাটসম্যানরা কতটা কঠিন সময় পার করে; একইভাবে ভারতে এসে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের কী অবস্থা হয় তা তো সবাই দেখেছে। এটা একমাত্র বিদেশি কন্ডিশনের কারণেই হয়। এটায় ভালো করতে হলে একটা দলকে সময় নিয়ে পরিকল্পিতভাবে এগোতে হবে। ভারত সেটা করেছে। এর জন্য ভারতের অনেক কাঠামোই আছে। ওদের ভালো ক্রিকেটারের অভাব নেই, আইপিএল থেকে-ঘরোয়া ক্রিকেট থেকে আসছে, ওদের যে পরিমাণ অর্থ আছে ক্রিকেটে সেই সংস্কৃতিই ওরকম হয়ে গেছে। এখন ভারতের সঙ্গে মেলাতে চাইলে তো পারবেন না।
ভারতের মতো ক্রিকেট কাঠামো তৈরিতে বাংলাদেশকে কী করা উচিত?
রোশান : যদি সেরকম হতে হয়… ভারতের মতো ক্রিকেট কাঠামো চাই, সব দলেরই ওদের মতো স্ট্রাকচার তৈরি করা উচিত এবং এটা দরকারও। ক্রিকেটারদের একটা ভবিষ্যৎ আছে। আমরা চাইলে ৬০ বছর পর্যন্ত চাকরি করতে পারি। কিন্তু ক্রিকেটাররা তো বড়জোড় ৩৬-৩৭-এ থেমে যাচ্ছে। তাদের ক্যারিয়ার বড়জোর ১৮ বছর। তাদের ভবিষ্যৎ, জীবনের ইন্স্যুরেন্সটা কোথায়। ভারত সেই জিনিসটা তৈরি করতে পেরেছে। এজন্য ওদের ক্রিকেটারও বেড়েছে। আর ওদের টুর্নামেন্টের মান এত ভালো যে ওখানে খেলে ক্রিকেটাররা নিজেদের সেরা হিসেবে তৈরি করছে।
আপনার কি মনে হয় লঙ্কান ক্রিকেট আগের চেয়ে অনেক পিছিয়ে গেছে?
রোশান : ঠিক। একটা ব্যাচ ছিল যখন বিশ্বের কোনো দল ছিল না যে শ্রীলঙ্কাকে সহজে হারাতে পারত। এই পর্যায়ের ক্রিকেটাররা যখন চলে গেল বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে। যেমন এখন যদি বাংলাদেশ দল থেকে সাকিব-মুশফিক-তামিম অবসর নেয় তাহলে কী হবে, জায়গাটা কি সহজে পূরণ সম্ভব। তখন বাংলাদেশ দল এমনিতেই পারফরম্যান্সে-অভিজ্ঞতায় পিছিয়ে পড়বে। ঠিক এ অবস্থাই হয়েছে শ্রীলঙ্কার। গত চার-পাঁচ বছরে শ্রীলঙ্কা সময়টা নিয়েছে তৈরি হওয়ার। এখন যে ক্রিকেটাররা আছে যেমন কুশল মেন্ডিস, চান্দিমাল, করুনারতেœ, ম্যাথিউস ওরা সাঙ্গাকারা-জয়াবর্ধনের সময়কার। ওদের জায়গাটা এরা পূরণ করছে। বোলিংয়ে প্রাভিন জয়াবিক্রমা, রমেশ মেন্ডিস, এম্বুলদেনিয়া হেরাথ সবশেষ অবসর নেওয়ার পর আমাদের স্পিনে যেই সমস্যাটা হয়েছিল সেটা এই তিনজন পূরণ করতে পারবে। এদিকে মালিঙ্গা ও সবশেষ লাকমল যাওয়ার পর আমাদের পেস বিভাগটা অনেক দুর্বল হয়ে গেছে। কিন্তু আমার বিশ্বাস রাজিথা, আসিথা ও কুমারা পেস বিভাগের ভবিষ্যৎ হতে পারবে।
শ্রীলঙ্কা আগস্টে এশিয়া কাপ আয়োজনে কতটা প্রস্তুত?
রোশান : শ্রীলঙ্কা প্রস্তুত, এটা নিয়ে দ্বিধা নেই। যদি নিরাপত্তার বিষয়টা তোলা হয় তবে এটা নিয়ে কোনো সন্দেহ করার কিছু নেই। ৯-১১ মে’র দিকে কিছু বিশৃঙ্খলা হয়েছিল তবে সেগুলো এখন নিয়ন্ত্রণে এসেছে। আর এশিয়া কাপের এখনো কিছু সময় বাকি। অবশ্যই এর আগে সব ঠিক হয়ে যাবে।
ক্রিকেটাররা, আপনি এই অবস্থায় দেশ ছেড়ে আসলেন, কতটা কঠিন ছিল?
রোশান : সব শ্রীলঙ্কানকেই কঠিন সময় পার করতে হয়েছে। সবাই কষ্টের মধ্যে গিয়েছে। এটা এমন একটা সমস্যা যা ধনী-গরিব সবার ওপর প্রভাব ফেলেছে। দেখুন পেট্রোল লাইন তো আর শুধু গরিবদের দিয়েই হয়নি। ধনীরা সেই লাইনে ছিল। সব নিত্যপ্রয়োজনীয় পণ্যেই আমাদের কম পড়েছে। এটা সবার জন্যই কঠিন। এই জায়গাটায় সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। শ্রীলঙ্কা শেষ হয়ে গেছে এটা বলা খুব সহজ, কিন্তু ভুলে গেলে চলবে না শ্রীলঙ্কা একমাত্র দেশ যারা ৩০ বছরের গৃহযুদ্ধ কাটিয়ে উঠেছে। শ্রীলঙ্কা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও ভয়ংকর জঙ্গিগোষ্ঠীকে থামিয়েছে। তো শ্রীলঙ্কা একটি প্রাণবন্ত দেশ। আমি নিশ্চিত শ্রীলঙ্কা এই অবস্থা থেকে বের হয়ে আসবে। শুধু আমাদের কিছু সময় প্রয়োজন এবং সবাইকে এই মুহূর্তে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের দেশের তরুণ জনগণরা যা চাইছে এটা অবশ্যই যৌক্তিক। তারা তো কোনো বিশৃঙ্খলা করছে না। আমরা সবাই বিরক্ত হচ্ছি এজন্যই যে, এই বিশৃঙ্খলা কারা করছে তা বের করা যাচ্ছে না।