রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

আক্ষেপ ঘুচিয়ে লিটনের সেঞ্চুরি

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন লিটন দাস। সেই আক্ষেপ ঘুচিয়ে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে পেলেন তিন অঙ্কের দেখা। তাও আবার দলের দুঃসময়ে।

টেস্টে বাংলাদেশি উইকেটরক্ষকের এটি তৃতীয় সেঞ্চুরি এবং মিরপুরে প্রথম। লিটনের আগের দুই সেঞ্চুরি ছিল চট্টগ্রামে, পাকিস্তানের বিপক্ষে এবং ক্রাইস্টচার্চে, নিউজিল্যান্ডের বিপক্ষে।

১৩তম ফিফটিকে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি বানালেন লিটন। তৃতীয় সেশনে এসে ১৪৯ বলে ১৩ চারে শতকের ঘরে পা রাখেন তিনি। ৯৬ রানে স্ট্রাইকে ছিলেন। আশিথা ফার্নান্দোর বলে ওভার-থ্রো থেকে ৫ রান নিয়ে সেঞ্চুরি উদযাপন করেন লিটন।

ঢাকা টেস্টের শুরুতে যে দুঃস্বপ্ন ঘিরে ধরেছিল বাংলাদেশকে, সকালেই কালো মেঘ ভর করেছিল মিরপুরের আকাশে— তা কেটে গেছে। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে মিরপুরের আকাশকে ফের আলোতে ভরিয়ে দিলেন মুশফিকুর রহিম ও লিটন।

দু’জনে ইতোমধ্যে গড়েছেন ১৮৫ রানের জুটি। চা বিরতির আগে শ্রীলঙ্কান বোলারদের নিয়েছেন ধৈর্যের পরীক্ষা।মধ্যাহ্নভোজ থেকে ফিরে টেস্ট ক্যারিয়ারের ১৩তম ফিফটি উদ্‌যাপন করেন লিটন। এরপর ২৪তম টেস্ট ফিফটির দেখা পান মুশফিক।

দুজনের ব্যাটিং দেখে অনুমান করায় কঠিন, সকালে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেই ধ্বংসস্তূপ থেকে মুশফিক-লিটনের প্রতিরোধ। এরপর আর একটি উইকেটও পড়তে দিলেন না। দুজনের শতরানের জুটিতে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২০৯ রান করেছে স্বাগতিকেরা। মুশফিক ৮৭ এবং লিটন ১০২ রানে অপরাজিত আছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে টাইগারদের শুরুটা হয় বিভীষিকাময়। স্কোরবোর্ডে কোনো জমা করার আগেই পেসার কাসুন রাজিথার বলে বোল্ড মাহমুদুল হাসান জয়। সেখান থেকে ২৪ রানে নেই ৫ উইকেট।

আশিথা ফার্নান্দোর বলে শূন্য হাতে বিদায় নেন তামিম ইকবালও। দলের দুঃসময়ে ফের ব্যর্থ অধিনায়ক মুমিনুল হক (৯)। এরপর নাজমুল হাসান শান্তকে (৮) বোল্ড করেন রাজিথা। লঙ্কান পেসার নিজের তৃতীয় শিকার হিসেবে গোল্ডেন ডাক উপহার দেন সাকিব আল হাসানকে।

সেখান থেকেই প্রতিরোধ মুশফিক-লিটনের। ৫ উইকেটে ৬৬ রান করে প্রথম সেশন শেষ করেছিল তারা। দ্বিতীয় সেশনে নিল ৮৭ রান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com