বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
টাঙ্গাইলের বাসাইল উপজেলার নিম্নাঞ্চলের কৃষকেরা বোরো ধান কাটা নিয়ে চরম বিপাকে পড়েছেন। হাজার টাকায়ও মিলছে না একজন শ্রমিক। এদিকে পাকা ফসলের মাঠে ঢুকছে পানি। এতে মাঠেই ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ধান ডুবে যাওয়ায় এ এলাকার কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে।
চলতি মৌসুমে ধানের ভালো ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। গত ২-৩ দিন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনাসহ স্থানীয় সকল নদীর পানি বেড়েছে। এতে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া যমুনার শাখা ঝিনাই ও বংশাই নদীর পানি প্লাবিত হয়ে লাঙ্গুলিয়া হয়ে ঢুকছে কাউলজানী ও ফুলকি ইউনিয়নের বিভিন্ন বিলে। এতে বিল এলাকার পাকা ইরি-বোরো ধানের জমি ডুবে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার কৃষকেরা।
এদিকে সময়মতো ফসল ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ধান কাটার জন্য ভরা মৌসুমে চড়া মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। শ্রমিকের অভাবে নিজেরাই পানিতে ডুবে থাকা ধান কেটে তোলার চেষ্টা করছেন অনেক কৃষকেরা।
উপজেলার ফুলকি ইউনিয়নের ফুলকি, বালিয়া, করটিয়াপাড়া, নিড়াইল খাটড়া। কাউলজানী ইউনিয়নের বাদিয়াজান। সদর ইউনিয়নের রাশড়া, মিরিকপুর, হান্দুলী, জিকাতলী পাড়া, সৈয়দামপুর, পৌলী, যৌতুকী, মটেশ্বরসহ কাঞ্চনপুর ইউনিয়নে বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ পানিতে ডুবে আছে কৃষকের সোনালি ফসল। সেই পানিতে ডুব দিয়ে ধান কাটছেন কৃষক ও শ্রমিক।