রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
একটি ভালো ইনিংসের খোঁজে আছেন মুমিনুল হক। তবে তার এই খোঁজ সহসা শেষ হওয়ার লক্ষণ নেই। গত ১৬ ইনিংস ধরে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন টেস্ট অধিনায়ক। বারবার এই ব্যর্থতায় এখন তার নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। অথচ ক্যারিয়ারের শুরু থেকে এত বাজে সময় কখনই কাটাতে হয়নি মুমিনুলকে। টেস্ট অধিনায়কের সঙ্গে তার সমস্যা নিয়ে কালই কিছুক্ষণ আলোচনা করেছেন নাজমুল হাসান পাপন। শিগগিরই তার সঙ্গে লম্বা আলোচনায় বসবেন বলেও জানান তিনি।
মুমিনুল সবশেষ হাফসেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডে টেস্ট জয়ের ম্যাচে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ ওই সিরিজেই। তার আগে-পরে মোট ১৬ ইনিংসে হাফসেঞ্চুরি করতে পারেননি। মূলত মুমিনুলের রানের ধারাবাহিকতায় ২০১৯-এ তাকে নেতৃত্ব এনে দিয়েছিল। এখন রান না থাকায় নেতৃত্ব নিয়েও চাপে পড়ে গেছেন অধিনায়ক। রব উঠছে তাকে অধিনায়কত্ব থেকে বিশ্রাম দেওয়ার। কিন্তু এই মুহূর্তে মুমিনুল ছাড়া আর কেউ উপযুক্ত নেই বলে জানান সাকিব। তাহলে টেস্ট অধিনায়কের জায়গাটা কী হবে? অধিনায়ক মুমিনুলকে নিয়ে চিন্তা নেই বলেও তার সঙ্গে বিস্তর আলোচনায় বসবেন বলে জানান বিসিবিপ্রধান, ‘এখন পর্যন্ত মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে, ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান করে না, তখন ওর কী মানসিক চাপটা পড়ে তা চিন্তা করেন। তাই আমরা এখন শুধু আশা করতে পারি যে ও তাড়াতাড়ি রানে ফিরুক। আজকে ওর সঙ্গে একটু সংক্ষেপে বসেছি। সামনে আরও বসব, কাল-পরশু ওর সঙ্গে বসব লম্বা আলোচনায়। দেখি আলোচনা করে ও কী মনে করে। আমরা (সমাধান) বের করে ফেলব।’ পাপনের মতে মুমিনুল প্রচ- মানসিক চাপে আছে, ‘তার রান না পাওয়া আমাদের কাছে যেমন চিন্তার বিষয় ওর কাছেও তো খারাপ লাগবে। অধিনায়ক যখন রান করতে পারে না, তখন চাপটা কিন্তু অনেক বেশি। আমার ধারণা ও প্রচণ্ড মানসিক চাপে আছে। কাল-পরশু বসে খোলামেলা কথা বলে দেখি ওর মাথায় কী আছে, ও কী চিন্তা করে। তারপর আপনাদেরকে নির্দিষ্টভাবে জানাব।’
কোচ রাসেল ডমিঙ্গোও মনে করেন মুমিনুল মনের ভেতর থেকে ভেঙে গেছেন। তবে এই সময়ে টেস্ট অধিনায়ককে সমর্থন দেওয়া ছাড়া কোনো উপায় দেখছেন না কোচ, ‘কোনো সন্দেহ নেই মুমিনুল খুব চাপে আছে। ওর ওপর এমনিতেই প্রত্যাশা বেশি থাকে। আর ১০-১৫ বছর ধরে একটা দল যখন টেস্টে ভালো করছে না তখন ওই দলের অধিনায়ক সব সময়ই চাপে থাকবে। এটাও ওর মনে কাজ করছে। এমন পরিস্থিতিতে আপনি যতই শক্ত ও সাহসী হন না কেন ভেঙে পড়বেনই।’