রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নিজে থেকে সরে দাঁড়ানো মুমিনুল হকের স্থলাভিষিক্ত হলেন সাকিব। ৩ বছর পর তৃতীয়বারের মতো সাদা পোশাকের ক্রিকেটের নেতৃত্ব উঠল ৩৫ বছর বয়সী অলরাউন্ডারের হাতে। সহ-অধিনায়ক হিসেব দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক লিটন দাস।
গত মঙ্গলবার টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মুমিনুল। নিজের ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিতে এই সিদ্ধান্ত বলে জানান তিনি। দেশের মাটিতে লঙ্কানদের বিপক্ষে টাইগাররা সিরিজ হারের পর মুমিনুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয়। এই সিরিজে হাসেনি তার ব্যাট। গত সাত ইনিংসে দ্বিতীয় অঙ্কের রানও পেরোতে পারেননি মুমিনুল।
অবশ্য তাকে অধিনায়ক করে আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করে বিসিবি। কিন্তু ক্যারিবিয়ানদের বিপক্ষে নেতৃত্ব দিতে দেখা যাবে না মুমিনুলকে। তার দায়িত্ব ছাড়ার পর অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছিল সাকিবের নাম। তবে সাদা পোশাকে নিয়মিত না হওয়ায় সেক্ষেত্রে তাকে নিয়ে শঙ্কা ছিল। এমনকি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের নামও শোনা যাচ্ছিল এই পদে।