রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
উইন্ডিজে বাংলাদেশের সাফল্য একবারই, ২০০৯ সালে। দ্বিতীয় সারির উইন্ডিজকে হারিয়ে দেশের বাইরে প্রথম সিরিজ জিতেছিল বাংলাদেশ সাকিব আল হাসানের নেতৃত্বে। সেই দলের কোচ জেমি সিডন্স। এরপর সিডন্সও ছিলেন না আর উইন্ডিজেও সফলতা পায়নি টাইগার বাহিনী। ২০১৪ ও ২০১৮ সিরিজে পুরোপুরিই ব্যর্থ হয় দল। দুই সফরের পর আবারও বাংলাদেশে দলের সঙ্গে যাচ্ছেন সিডন্স। অবশ্য এবার ভিন্ন দায়িত্ব, ব্যাটিং কোচ হয়ে। তার ফেরা কি উইন্ডিজে বাংলাদেশের সাফল্যও ফিরিয়ে আনবে? অস্ট্রেলিয়ান কোচ কিন্তু সেভাবে ভাবছেন না। কারণ এবার চ্যালেঞ্জটা বেশি। উইন্ডিজের কন্ডিশন তো বাধা হয়ে আছেই, সঙ্গে নিজেদের টপঅর্ডার ব্যাটিংও-যে বিশ্বাসঘাতকতা করছে বারবার। সিডন্স তাই অতীত সাফল্য ভুলে নজর দিচ্ছেন সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতার দিকে। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার পর উইন্ডিজে কোনো ভাবেই ২৪/৫, ২৩/৪ পরিস্থিতি হতে দিতে চান না সিডন্স।
কোচের চিন্তার কারণ যথার্থ। এই টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান সিরিজ থেকে প্রতি সিরিজে অন্তত একটি ইনিংস হলেও টপঅর্ডারদের ব্যর্থতা আছে। গত দুই সিরিজে চারবার এই কা- ঘটেছে। তাই ২০০৯ এর সুখস্মৃতি রোমাঞ্চ ছড়াচ্ছে না সিডন্সের মনে। তার চাওয়া শুরুতেই ব্যাটিং মড়ক কাটানো, ‘ওই সফরের ভালো কিছু স্মৃতি থাকবে, বিশেষ করে সিনিয়রদের। তবে এখন তো পুরোটাই নতুন। আমাদের দল বদলে গেছে, ওদের দল তো বদলে গেছে। আমাদের বাজে মুহূর্তগুলো বন্ধ করতে হবে, যার চড়ামূল্য দিতে হয়। ২০ রানে ৫ উইকেট, ২০ রানে ৪ উইকেট, এসব হতে দেওয়া যাবে না।’ সিডন্স জানালেন আগেভাগে উইন্ডিজে গিয়ে নতুন বলের ব্যাটিং নিয়েই কাজ করবেন বেশি, ‘আমরা জানি আমাদের কোথায় নজর দিতে হবে। মৌখিকভাবে সবাইকে বলা হয়েছে এবং তারা জানে যে তারা যথেষ্ট ভালো ছিল না এবং অবশ্যই সমাধান করতে হবে। উইন্ডিজে আমাদের মূল ফোকাস হবে নতুন বলের ব্যাটিং। প্রথম চার জনকে এগিয়ে আসতে হবে।’
২০০৯ এর সফরে মাশরাফীর ইনজুরিতে সহ-অধিনায়ক সাকিব নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দেন বাংলাদেশ। ২০১৮-এর উইন্ডিজ সফরেও তিনিই ছিলেন অধিনায়ক। সেবার দল পারেনি। চার বছর পর আবার উইন্ডিজ সফরে সাকিব নেতৃত্বে। এতে দুটি ইতিবাচক দিক দেখছেন সিডন্স, ‘সাকিব খুব ভালো অধিনায়ক এবং খেলাটা নিয়ে খুব ভালো বোধ ওর। একইসঙ্গে সে ধারাবাহিক পারফরমারও। অধিনায়ক হিসেবে সে দারুণ করবে। সবাই তাকে অনুসরণ করে, কাজেই দারুণ এক নেতা সে।’ সঙ্গে মুমিনুলের হয়ে স্বস্তি ঝরল তার কণ্ঠে, ‘আরেকটি ভালো ব্যাপার হলো, মুমিনুল এখন তার ব্যাটিংয়ে নজর দিতে পারবে। সে ব্যাটিং নিয়ে একটু ভুগছিল। আমাদের জন্য ওর পারফর্ম করা প্রয়োজন। আমরা জানি সে ভালো খেলোয়াড়। এখন সে মুক্ত হয়ে খেলতে পারবে।’ অধিনায়কত্ব সাকিবকে দলে নিয়মিত করবে ভেবে খুশি সিডন্স, ‘সে যখন অধিনায়ক, তাকে তো খেলতেই হবে। না খেললে মনে হয় অধিনায়কত্ব করা একটু কঠিন! আমার যতটা মনে হয়, আবার নেতৃত্ব দেওয়ার ব্যাপারটিতে সে নিজেও রোমাঞ্চিত। সাকিবের নেতৃত্বে যে দারুণ দিকটি বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছিল না, সেটি এবার দেখা যাবে বলে ধারণা আমার।’
তবে আরেক আরেক শিষ্য মুশফিককে না পেয়ে হতাশ সিডন্স। উইন্ডিজ সিরিজে থেকে ছুটি নেওয়া মুশিকে খুব মিস করবেন বলে জানালেন। শ্রীলঙ্কার সঙ্গে দুর্দান্ত সিরিজ কাটিয়েছেন মুশফিক। তবে এই সুযোগে মুশির পজিশনে ইয়াসির রাব্বি কেমন করেন তা দেখে নেওয়ার সুযোগ দেখছেন সিডন্স, ‘কোনো সন্দেহ নেই, আমাদের কাজটা আরও কঠিন হবে তাকে ছাড়া। মুশফিকের জায়গায় হয়তো (ইয়াসির আলি) রাব্বি খেলবে। দক্ষিণ আফ্রিকায় এবং নিউজিল্যান্ডে টেস্ট ম্যাচে সে ভালোই খেলেছে। সে আরেকটি সুযোগ পাবে। সে কীভাবে সুযোগটা নেয়, দেখতে মুখিয়ে আছি।’