রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ঘুরেফিরে সেই এক বৃত্তেই আটকা বাংলাদেশ। টপঅর্ডার ব্যাটিং। টানা সাত টেস্ট ধরে এই একটা জায়গার সমস্যার সমাধান হচ্ছেই না। বরাবরের মতো ব্যর্থ নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। টানা ৫ ইনিংস পর অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের (১৭) রান করতে পেরেছেন শান্ত। মুমিনুল একই বৃত্তেই আছেন। টানা নবম ইনিংসে এক সংখ্যার ঘর থেকে বেরুতে পারলেন না। মাহমুদুল হাসান জয় দ্বিতীয় ইনিংসে ৪২ রান করে নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছে। তবুও এ তিনজনের সঙ্গে তামিম ইকবালেরও বড় রানের অভাবে টপঅর্ডারের ব্যর্থতা থেকেই যাচ্ছে। বারবার এই পরিস্থিতিতে স্পষ্ট ব্যাটারদের আত্মবিশ্বাসের অভাব। টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ মাধ্যমে ডমিঙ্গো প্রকাশ্যেই বলে দিলেন শান্ত ও মুমিনুলের আত্মবিশ্বাসও এখন তলানিতে, ‘এই মুহূর্তে ছেলেদের আত্মবিশ্বাস খুবই তলানিতে। আমাদের বড় কিছু খেলোয়াড়, মুমিনুল (প্রথম ইনিংসে ০ ও দ্বিতীয় ইনিংসে ৬), শান্তসহ (প্রথম ইনিংসে ০ ও দ্বিতীয় ইনিংসে ১৭) কিছু ছেলে আত্মবিশ্বাসহীনতায় ভুগছে। ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বড় একটা ব্যাপার। কিন্তু এই মুহূর্তে তাদের ব্যাটিংয়ে সেটা নেই।’
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে দুটি- কোচরা তাহলে কী করছেন? আর ব্যর্থদের বিশ্রাম দেওয়া হলেও তাদের বদলি কোথায়?
কোচ রাসেল ডমিঙ্গো বাংলাদেশের কোচ হিসেবে ২০১৯ থেকে আছেন। প্রথম সিরিজটি যে কোনো কোচের জন্য পরিচিতি পর্ব হয়ে থাকে। তাই ২০১৯-এ
আফগানিস্তানের বিপক্ষে ওই হার বাদ দিলে এই তিন বছরে উন্নতির ধারাবাহিকতা একদমই নেই। বাংলাদেশ ওয়ানডেতে আগে থেকেই ভালো, তাই ওই ফরম্যাটে সুফল আসছে। কিন্তু টেস্ট ব্যাটিং উন্নতিতে কী কাজ করছেন ডমিঙ্গো? এদিকে সাবেক হেড কোচ জেমি সিডন্স ফিরে এসে তৃতীয় সিরিজে কাজ করছেন। তার কোচিংয়ে তরুণরা উন্নতির কিছুই দেখাতে পারছেন না। তাই বাংলাদেশের সাবেক কোচ সারোয়ার ইমরান বলছেন, কোচদেরও জবাবদিহি থাকা উচিত, ‘হেড কোচের সঙ্গে জেমি সিডন্স স্পেশালিস্ট ব্যাটিং কোচ দলে। ব্যাটিং ব্যর্থতায় তাদেরও জবাবদিহি থাকা উচিত। হেড কোচকে তো বেতন বাড়িয়ে দুই বছর মেয়াদ বাড়ানো হলো।’
ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক, টপঅর্ডারে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই রানের ধারাবাহিকতা দেখাতে পারেননি কখনই। অবশ্য জাতীয় দলের ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে লম্বা ফরম্যাট খেলেনই কদাচিৎ। সাবেক কোচের মতে ঘরোয়া ক্রিকেট যতদিন অবহেলিত থাকবে ততদিন ব্যাটিং ব্যর্থতা থামবে না, ‘আমাদের লম্বা ফরম্যাটের ক্রিকেটটা যখন এখনো ভালো মানের হয়নি, তো এই জায়গাটায় (টেস্ট ব্যাটিং) আমরা সবসময়ই খারাপ করব।’ তাছাড়া ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে কঠিন উইকেটে খেলতে চান না বলেও জানান সারোয়ার ইমরান, ‘ঘরোয়া ক্রিকেটে একটু যদি ভালো উইকেট করা হয়, মানে বোলাররা যদি হেল্প পায় তাহলে ব্যাটাররা নালিশ করে যে উইকেট ঠিক নেই। প্রিমিয়ার লিগেও দেখেছি বিকেএসপিতে সকাল দিকে পিচ যদি একটু বোলিং ফ্রেন্ডলি থাকে তো জাতীয় দলের ব্যাটাররাও দাঁড়াতে পারেন না। এভাবে খেললে তো হবে না, যে কোনো কন্ডিশনে খেলার অভ্যাস করতে হবে। একসময় ঠিক হয়ে এলে তখন বিদেশে রান করা যাবে।’
দুই ইনিংসেই অধিনায়ক সাকিব দুর্দান্ত করেছেন। ৫১ ও ৬৩ রানে জোড়া হাফসেঞ্চুরিতে দলের একমাত্র পারফরমারও তিনি। দ্বিতীয় ইনিংসে তার সঙ্গে ১২৩ রানের জুটি গড়তে নুরুল হাসান সোহান ৬৪ রানের ইনিংস খেলেন। এ দুজনের ব্যাটিং-ই টেস্ট বাকিদের জন্য উদাহরণ হওয়া উচিত।