রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শুরুতে ছিল কেবল টেস্ট। এরপর এলো ওয়ানডে। আরও উত্তেজনা আনতে ক্রিকেট নেমে এলো টি-টোয়েন্টিতে। তবে সংক্ষিপ্তকরণ তাতেও থেমে নেই। টি-টেন ও দ্য হান্ড্রেড বা ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টও ইতোমধ্যে হয়ে গেছে।
এবার ক্রিকেটের নতুন সংস্করণ নিয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজ। নতুন এই ৬০ বলের ফরম্যাটের ক্রিকেটে সমর্থকেরা সুযোগ পাবে ব্যাটারদের ‘ফ্রি হিট’ দেওয়ার ক্ষেত্রে। ক্যারিবিয়ায় আগস্টে শুরু হবে এই টুর্নামেন্ট।
যার আনুষ্ঠানিক নাম ‘সিক্সটি’। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) মিলে টুর্নামেন্টটির আয়োজন করবে। থাকবে আলাদা আলাদা পুরুষ ও নারী দল।
৬০ বলের টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে বেশ কয়েকটি নতুন নিয়মও থাকছে। প্রত্যেক দলে থাকবে ছয়জন ক্রিকেটার। ছয় উইকেট পড়লে তবেই হবে অলআউট। ব্যাটিংয়ে আসা দল পাবে দুটি পাওয়ারপ্লে। প্রথম ১২ বলে যদি দুটি ছক্কা মারতে পারে তবে তৃতীয় পাওয়ার প্লেও পাওয়া যাবে। যা ৩ থেকে ৯ ওভারের যেকোনো একটিতে নেওয়া যাবে।