রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
২০২১ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক কাইল মায়ার্স। সেই ম্যাচে ৩৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে উইন্ডিজরা। সেখান থেকে অভিষিক্ত মায়ার্সের অপরাজিত ২১০ রানে ভর করে অকল্পনীয় এক জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।
বছরখানেক পর সেই মায়ার্সেই আবার ভুগছে বাংলাদেশ। সেইন্ট লুসিয়ায় ৩২ রানের ব্যবধানে টাইগার বোলাররা ৪ উইকেট তুলে নিলেও মায়ার্সের ব্যাটে আবারও ভুগছে বাংলাদেশ। মায়ার্সের অপরাজিত ১২৬ রানের সুবাদে ৫ উইকেটে ৩৪০ রান তুলে ফেলেছে স্বাগতিকরা।
সেইন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে এসে মায়ার্সের এই শতক থেকে টাইগার ব্যাটসম্যানদের শিক্ষা নিতে বলেছেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। মায়ার্সের ব্যাটিং থেকে শিক্ষা নিতে না পারলে ভালো দলগুলোর বিপক্ষে শাস্তি পেতে হবে বলে টাইগার ক্রিকেটারদের সতর্ক করেছেন ডমিঙ্গো।
টাইগারদের এই প্রোটিয়ান কোচ বলেন, ‘মায়ার্সের মতো ১২০ রানের ইনিংস খেলতে হবে আমাদের কারও। গত বছর ওরা আমাদের বিপক্ষে ৪০০ রান তাড়া করেছে চট্টগ্রামে, মায়ার্স তখন ডাবল সেঞ্চুরি করেছে। আমাদের কেউ এখন তেমন বড় ইনিংস খেলতে পারছে না। মায়ার্সকে দেখে শিক্ষা নিতে হবে। টেস্ট ম্যাচ অনেক কঠিন। এরকম ভালো ব্যাটিং করতে না পারলে ভালো দলগুলি শাস্তি দেবে এবং আমাদেরকে এখন সেই শাস্তি পেতে হচ্ছে।’
ডমিঙ্গোর দাবি অবশ্য অমূলক নয়। আলগা বোলিং করে উইন্ডিজের চাপ কমিয়ে দেওয়া, রান করার সুযোগ করে দেওয়ার কাজটা খুব ভালোভাবেই করছেন বাংলাদেশি বোলাররা। ব্যাটসম্যানদের ব্যর্থতার পর বোলারদের ছন্দ খুঁজে না পাওয়াটা ভাবাচ্ছে টাইগার কোচকে।
তিনি আরও বলেন, ‘ব্যাটিং ও বোলিংয়ে এই মুহূর্তে গুরুতর জিজ্ঞাসা আছে আমাদের। কারণ এটা কোনোভাবেই আড়াইশ রানের উইকেট নয়। শেষের ওই ৩০ রানের জুটি না হলে ১৯০ রানে অলআউট হতাম আমরা। বোলিংয়ে ওরা জুটি গড়ে বোলিং করেছে, ব্যাটিংয়েও জুটি গড়ে লম্বা সময় উইকেটে থেকেছে। ওয়েস্ট ইন্ডিজ দেখিয়ে দিচ্ছে, কেন তারা আমাদের চেয়ে ভালো।’
এদিকে ব্যাটসম্যানদের মায়ার্সের ইনিংস থেকে লম্বা সময় ব্যাটিং করার শিক্ষা নেওয়ার কথা জানিয়ে ডমিঙ্গো আরও যোগ করেন, ‘আমাদের বেশ কজন ক্রিকেটার এখন ফর্ম ও ছন্দ খুঁজে ফিরছে। এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় লম্বা সময় ব্যাট করা। ৩০-৪০ রানের ইনিংস অনেক হচ্ছে, দু-একটা ফিফটি হচ্ছে। কিন্তু কাইল মেয়ার্স যেমন ১২০ (আসলে ১২৬) ছাড়িয়ে যাচ্ছে, তেমন বড় ইনিংস কেউ খেলতে পারছে না। দলের রান ২৩০ আর ৪০০ হওয়ার মধ্যে মূল পার্থক্য এখানেই।