রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিন সকালে অসাধারণ এক প্রথম সেশন কেটেছিল বাংলাদেশের বোলাররা। সেই দলই পরের দুই সেশনে যেন মিইয়ে গেল হঠাৎ করে। বোলিংয়ে এই খেই হারানো এবং যথেষ্ট ধারাবাহিক হতে না পারায় বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর কণ্ঠে আবারও ফুটে উঠল সেই পুরনো আক্ষেপ।
প্রথম দিনে বাংলাদেশকে ২৩৪ রানে গুটিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দিন শেষ করে বিনা উইকেটে ৬৭ রানে। দ্বিতীয় দিন সকালে শনিবার আঁটসাঁট বোলিংয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের খুব একটা সুযোগ দেননি চার বোলার। প্রথম সেশনে ৪ উইকেট নেয় বাংলাদেশ। তখন এমনকি লিড নেওয়ার সম্ভাবনাও ছিল উজ্জ্বল। লাঞ্চ বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৪ উইকেটে ১৩৭। উইকেটে তখনও নতুন দুই ব্যাটসম্যান।
লাঞ্চের পর সেই শৃঙ্খলা ও চাপ ধরে রাখার প্রক্রিয়ায় দেখা যায়নি বাংলাদেশের বোলিংকে। প্রায় প্রতি ওভারেই দেখা যায় আলগা বল। সেটির ফায়দা নিয়ে কাইল মেয়ার্স ও জার্মেইন ব্ল্যাকউড গড়ে তোলেন জুটি। দ্বিতীয় সেশনে কোনো উইকেটই পড়েনি।
দিনজুড়ে ভালো বোলিং করতে পেরেছেন কেবল মিরাজ। তিনিই শেষ সেশনে ব্ল্যাকউডকে (৪০) আউট করে ১১৬ রানের জুটি ভাঙেন। কিন্তু মেয়ার্স আরও একটি জুটি গড়ে তোলেন জশুয়া দা সিলভাকে নিয়ে। দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ৩৪০। মেয়ার্স অপরাজিত ১২৬ রানে।